আমাদের দেশে প্রধান সমস্যা হচ্ছে পলিটিক্যাল উইং : সহিদুজ্জামান
দুদকের মহাপরিচালক মো. সহিদুজ্জামান বলেছেন, আমাদের দেশে প্রধান সমস্যা হচ্ছে পলিটিক্যাল উইং। দুর্নীতি থামাতে হলে আমাদের ব্রেনটা ওয়াশ করে নিজের মাইন্ড সেটআপ করতে হবে। অতীতে কী হয়েছে সেটা বাদ দিয়ে বর্তমানে আমরা চাচ্ছি দুর্নীতিকে প্রতিরোধ করতে। আমরা মামলাতে যাবনা।
`দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন’ এই স্লোগানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দুদকের বর্তমান থিওরি হচ্ছে অপরাধ ঘটার আগেই সেটা প্রতিরোধ করতে হবে। দুদকের নতুন গঠনতন্ত্রও অনুমোদন হয়েছে। নীতি বর্হিভূত সব ধরনের কাজই দুর্নীতি। সেটা রিকশাওয়ালার ক্ষেত্রে হোক আর সরকারি বড় কর্মকর্তাই হোক। অনেক সরকারি কর্মকর্তা সমস্যার কথা বললেও পলিটিক্যাল সমস্যার কথা এড়িয়ে যান।
সরকারের যে ভিশন সেটা বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতিকে থামাতে হবে। আমাদের বর্তমান কমিশন অত্যন্ত কঠোর। কোনো সমস্যা হলে আমাদের কাছে চিঠি পাঠিয়ে দেন। দুর্নীতিকে থামাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জিরো থেকে শুরু করতে হবে। ৬৪ জন জেলা প্রশাসক আমাদেরকে সহযোগিতা করছেন। এসময় সবাইকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় জমি দখল সম্পর্কে তিনি বলেন, বন্দর উপজেলায় বহু সরকারি সম্পদ রয়েছে যেগুলো বহু প্রভাবশালী নেতা দখল করে রেখেছে। আমার কাছে প্রমাণও আছে। কিন্তু আমাদের বন্দর ইউএনও কি তাদের উচ্ছেদ করতে পারবেন। তিনি উচ্ছেদ করতে গেলে তার সঙ্গে পলিটিক্যাল দ্বন্দ্ব হবে। তাদের গায়ে হাত দিতে গেলে এই টেবিল থেকে দিতে হবে। তবে আপনারা না পারলেও আমরা পারবো। জিরো টলারেন্স এ যেতে হবে।
এসময় তিনি আরো বলেন, ২০০ কিলোমিটার সড়কের দুপাশ কারা দখলে নিয়েছে তাদের নামের তালিকা আমাদের কাছে পাঠান। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২ জন ঠিকাদার ছাড়া আর কেউ ব্যবসা পায়না বলেও আমাদের কাছে খবর রয়েছে।
নারায়নগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ সভার আয়োজন করে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আজম প্রমুখ।
সাহাদত হোসেন/এফএ/আরআইপি