ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে স্কুলছাত্র হত্যার দায়ে ৪ জনের ফাঁসি

প্রকাশিত: ১২:১১ পিএম, ২১ এপ্রিল ২০১৬

গাজীপুরে স্কুলছাত্র মামুন হত্যার দায়ে চারজনের ফাঁসি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় দেন।

রায়ে প্রত্যেক দণ্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও আদালত দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জারিমানা প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, গাজীপুর মহানগরীর পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকার আফজাল হোসেন সরকারের ছেলে জামান সরকার (৩২), একই এলাকার আব্দুল হামিদ ভূইয়ার ছেলে মো. শাকিল ভূইয়া (৩০), তার ভাই ইকবাল হোসেন ভূইয়া (৩২) ও কুড়িগ্রামের রাজার হাট থানার লতাবর গ্রামের মজিবুর রহমানের ছেলে আবু সায়েম (৩৪)। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় উজ্জল সরকার, সুমন খান ও আফজাল হোসেনকে বেকসুর খালাস দেয়া হয়।

গাজীপুরের অতিরিক্ত পিপি মো. আতাউর রহমান খান জানান, পূবাইলের হাড়িবাড়ির টেক এলাকার হাসান খন্দকারের মেয়ে রোকসানাকে বিয়ের প্রস্তাব দেয় প্রতিবেশি জামান সরকার। রোকসানার পরিবার ওই প্রস্তাব ফিরিয়ে দেয়। এ ঘটনায় জামান সরকার ক্ষিপ্ত হয়ে হাসান খন্দকারের ছেলে স্থানীয় ভাদুন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মামুনকে (১৫) ২০০৪ সালের ১০ আগস্ট সকালে কৌশলে নিয়ে যায়।

এ ঘটনায় জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা হাসান খন্দকার। তিন দিন পর ১৩ আগস্ট ওই এলাকার শাহজাহান ভূইয়ার বাড়ির পাশের পায়খানার সেফটিক ট্যাংকের ভেতরে হাত-পা ও গলায় কালো কাপড় বাধা অবস্থায় মামুনের মরদেহ উদ্ধার করা যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে জয়দেবপুর থানায় জামান সরকারসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরে তদন্ত শেষে সিআইডির পরিদর্শক সুলতান মাহমুদ ২০০৬ সালের ১১ মার্চ অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৫ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আতাউর রহমান খান, আসামিপক্ষে ছিলেন অ্যাড. আব্দুর রশীদ।

আমিনুল ইসলাম/এআরএ/এবিএস