ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে নৌকাডুবি : অবশেষে মায়ের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৫:২০ এএম, ২২ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় ছেলের পর এবার নিখোঁজ মায়ের মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে কুমুদিনি সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় মা সেতু বেগমের (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরআগে শিশু সাব্বির আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সেতু বেগমের স্বামী চাঁন মিয়া স্ত্রী ও সন্তানের মরদেহ সনাক্ত করেছেন।

জানা গেছে, বুধবার রাতে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট এলাকাতে ১০-১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা শীতলক্ষ্যা পারাপারের সময় বালুবাহী একটি বাল্কহেড ধাক্কা দিলে নৌকাটি তলিয়ে যায়। তখন যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও তাৎক্ষণিক চাঁন মিয়া (৪০), তার স্ত্রী সেতু বেগম (২৫) ও তার ছেলে সাব্বির আহমেদ (৪) নিখোঁজ থাকেন। পরে নদীর পূর্ব পাড়ে সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন চাঁন মিয়া। নিখোঁজ থাকেন সেতু বেগম ও সাব্বির।

নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) তাহের খান জানান, নৌ-দুর্ঘটনায় নিখোঁজ হওয়া মা-ছেলের দুটি মরদেহই উদ্ধার হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সাহাদাত হোসেন/এফএ/পিআর