গাজীপুরে ছাদ ভাঙার সময় চাপা পড়ে একজন নিহত
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি পল্লীবিদ্যুৎ এলাকার একটি পুরাতন কারখানা ভাঙার সময় শনিবার বিকেলে ছাদের একটি অংশ নীচে পড়ে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
নিহতের নাম মো. হান্নান (২৮)। তিনি শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার হাওলাদারকান্দি মুন্সিবাড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে।
তিনি ওই এলাকার সাইফুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে লেপ তোষকের দোকানে কাজ করতেন। আহতদের নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার ওই এলাকার কাদের সিনথিটিক কারখানার পুরাতন চারতলা বিল্ডিংয়ের ছাদ ভাঙার কাজ চলছিল। বিকেল চারটার দিকে ক্রেনের সাহায্যে ছাদ সরানোর সময় ওই ছাদের কিছু অংশ কারখানা সংলগ্ন একটি টিনশেড বিল্ডিংয়ের উপর পড়ে। এসময় ওই টিনশেডের নীচে চাপা পড়ে ভাড়াটিয়া হান্নানসহ ৬ জন আহত হয়। গুরুত্বর আহত হান্নানকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
আহত অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন জানান, পুরাতন ভবনের ছাদ ভাঙার সময় ছাদের স্লাব পড়ে একজন নিহত এবং শিশুসহ ৫ জন আহত হয়েছেন।
আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি