ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে নব-নির্বাচিত চেয়ারম্যানসহ ৩শ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১১:০৭ এএম, ২৪ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারিতালুক এলাকায় ভোটকেন্দ্র দখল করে ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলাসহ সহিংসতার ঘটনায় ভোলাব ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানসহ ৩শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে চারিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় ভোলাব ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, হযরত আলী, সানাউল্লাহ, সবুজসহ ৫০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো প্রায় ৩শ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আল-আমিন মিয়া, শামিম মিয়া, মাজাহার হোসেন, শাহজাহান মিয়া, মুকিম মন্ডল, মিন্টু মিয়া ও আলী নেওয়াজ নামে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) এবিএম মেহেদী মাসুদ জানান, উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন টিটু, মেম্বার প্রার্থী হযরত আলীসহ তাদের সমর্থকরা ভোলাব ইউনিয়নের চারিতালুক কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে কেন্দ্র দখল ও ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় বাধা দিতে গিয়ে বিজিবির এক সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭৩ রাউন্ড, বিজিবি ১২ রাউন্ড ও র্যাব ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।

এসময় হামলাকারীরা পুলিশের ব্যবহৃত দুটি লেগুনা ও একটি মাইক্রোবাস পুড়িয়ে দেয়। এ ঘটনায় পর্যায়ক্রমে সাত জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  

তবে এলাকাবাসী জানান, মামলা দায়ের ও পুলিশি অভিযানে পুরুষ শূন্য হয়ে পড়েছে চারিতালুকসহ আশপাশের এলাকা। এসব এলাকার প্রায় ৮০ ভাগ মানুষের প্রধান পেশা কৃষি কাজ। জমি থেকে ধানের ফসল উঠানোর সময় নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটেছে। ফলে গ্রেফতার আতঙ্কে এলাকার নিরীহ কৃষকরাও পলাতক রয়েছেন। জোয়ারের পানিতে ধানের ফসলী জমি তলিয়ে যেতে শুরু করেছে। এতে ক্ষতিগ্রস্থ্য হবে এখানকার নিরীহ কৃষকরা। তাই প্রকৃত অপরাধী ছাড়া কৃষকদের যেন কোনো প্রকার হয়রানি করা না হয় সেদিকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

মীর আব্দুল আলীম/এফএ/আরআইপি