ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাওনা টাকার জন্য যুবক খুন : আটক ২

প্রকাশিত: ০৩:০৩ এএম, ২৭ এপ্রিল ২০১৬

গাজীপুর মহানগরীর টঙ্গীতে পাওনা টাকা ফেরত না দেয়ায় এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে। মঙ্গলবার রাতে টঙ্গীর মাছিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা এ ঘটনার সঙ্গে জড়িত দুই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

নিহত যুবকের নাম জাহিদ হাসান রনি (২৫)। তিনি বাহ্মণবাড়িয়ার ষোলঘর এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।

আটকরা হলেন- চাঁদপুরের হাজীগঞ্জ থানার কাঠালি এলাকার দেলোয়ার খন্দকারের ছেলে আনোয়ার খন্দকার (২৪) এবং রাজশাহীর চারঘাট থানার ডাকরা এলাকার মৃত লালন মিয়ার ছেলে রাজু (২৫)।  

টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত রনি এবং আটক আনোয়ার ও রাজু পূর্ব পরিচিত এবং টঙ্গীর মাছিমপুর এলাকায় বসবাস করে। গত ২৪ এপ্রিল রনি আনোয়ারের পকেট থেকে ৫০০ টাকা নিয়ে যায়। পরে টাকা ফেরত না দেয়ায় তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। মঙ্গলবার বিকেলে ওই টাকা নিয়ে রনি ও আনোয়ারের মধ্যে কথা কাটাটি হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে মাছিমপুর এলাকার একটি গলি দিয়ে রনি বাসায় ফেরার পথে আনোয়ার ও রাজু তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

এ সময় রনির ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আনোয়ার ও রাজুকে ধরে গণধোলাই দেয়। স্থানীয়রা রনিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার এবং ঘটনাস্থল থেকে রাজু ও আনোয়ারকে আটক করে।
                    
আমিনুল ইসলাম/এসএস/পিআর