গাজীপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
গাজীপুরের কাশিমপুর ধনঞ্জয়খালি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ সময় নিহতের তিন ছেলে আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল গফুর (৬৫)। তিনি ধনঞ্জয়খালি এলাকার মৃত ইনসাফ আলীর ছেলে। আহতরা হলেন-আব্দুল গফুরের ছেলে শিক্ষানবিশ আইনজীবী মো. রবিউল ইসলাম (৩৫), আব্দুলাহ আল মামুন (৩০) ও আল-আমিন। আহত দুইজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আব্দুলাহ আল মামুন জানান, সকালে তারা তাদের জমিতে ধান কাটতে যায়। সকাল ৯টার দিকে প্রতিপক্ষ স্থানীয় সবদুল, বাবুল গংরার ১৫-২০ লোক ধান কাটতে বাধা দেয় এবং জমি তাদের বলে দাবি করে। এক পর্যায়ে তারা রাম দা, লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের হামলায় তার বাবা আব্দুল গফুর ঘটনাস্থলেই নিহত এবং তারা ৩ ভাই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
জয়দেবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হেসেন জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
আমিনুল ইসলাম/এসএস/পিআর