বেতন-ভাতার দাবিতে রূপগঞ্জে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকার ফিউচার ক্লোথিং লিমিটেডের একটি রফতানিমুখী গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এসময় উত্তেজিত শ্রমিকরা প্রায় আধা ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন।
বকেয়া বেতন-ভাতার দাবি ও বিনা নোটিশে গার্মেন্টস বন্ধ করে দেয়ার প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের মাঝে এ অসন্তোষ দেখা দেয়।
পুলিশ ও শ্রমিকরা জানান, ফিউচার ক্লোথিং লিমিটেড নামে একটি গার্মেন্টসে প্রায় আড়াই শতাধীক শ্রমিক কাজ করেন। গত দুই মাস আগে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করেই বিনা নোটিশে কারখানা বন্ধ করে দেয়। ওই সময় কয়েক দফায় শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও কারখানা চালু করার দাবিতে বিক্ষোভ করেছিলেন।
পরে কোনো প্রকার প্রতিকার না পেয়ে শ্রমিকরা নারায়ণগঞ্জ জেলা শ্রমিক নেতাদের নেতৃত্বে চাষাঢ়া শহীদ মিনার এলাকায় অবিলম্বে ফ্যাক্টরী খুলে দেওয়া এবং বকেয়া বেতন ভাতার দাবিতে মিছিল ও সমাবেশ অব্যাহত রাখে। শ্রমিকেরা এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের অফিসে স্মারকলিপি দেন। পরে কারখানা পরিচালক শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় দেলোয়ার হোসেন ও মাহবুবুর রহমান নামে মালিক পক্ষের আরো দুইজন পলাতক রয়েছেন।
এ ঘটনার জেরে শনিবার সাড়ে ১১টার দিকে বরাব এলাকার ফিউচার ক্লোথিং লিমিটেড কারখানার সামনে শ্রমিকরা ফের অবস্থান নেন। এরপর তারা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মীর আব্দুল আলীম/এফএ/এমএস