বিটিএস ফ্যান ক্লাবে আসক্ত হয়ে ঘর ছাড়লো চতুর্থ শ্রেণির ছাত্রী
মানবপাচার চক্রের ফেসবুক পেজ ‘বিটিএস ফ্যান ক্লাবে’ আসক্ত হয়ে কোরিয়ার উদ্দেশে যাত্রা করা এক মাদরাসা ছাত্রীকে (১২) উদ্ধার করেছে মাদারীপুর র্যাব-৮।
রোববার (৮ সেপ্টেম্বর) রাতে ঢাকার আজিমপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এর আগে সকালে শরীয়তপুর সদর থেকে ওই ছাত্রী বাড়ি ছাড়ে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, রোববার সকালে মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয় চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। দুপুরে বাড়ি ফিরে না এলে পরিবারের সন্দেহ হয়। পরে ওই শিক্ষার্থীর বিছানায় পড়ে থাকা একটি চিরকুটের মাধ্যমে পরিবার জানতে পারে সে কোরিয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছে। এরপর মেয়েটির পরিবার থেকে শরীয়তপুরের পালং থানায় নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়রি করা হয়।
বিষয়টি র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে জানানো হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার আজিমপুর থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।
র্যাব-৮ আরও জানায়, বেশ কিছুদিন আগে ফেসবুকের অনলাইন পেজ ‘বিটিএস ফ্যান ক্লাবে’ যুক্ত হয় ওই মাদরাসা ছাত্রী। পরে প্রতারণার ফাঁদে পড়ে সে। তাকে কোরিয়ায় নেওয়ার উদ্দেশ্য ছিল চক্রটির। তাই যোগাযোগ করে তাকে বাড়ি থেকে নিয়ে আসে চক্রটি। র্যাবের হস্তক্ষেপে ওই ছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বলেন, এই চক্রের মূলহোতাসহ বাকিদের ধরতে কাজ চলছে।
আয়শা সিদ্দিকা আকাশী/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত