ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে ৫ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ১

প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১২ মে ২০১৬

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৪ কোটি ৮০ লাখ টাকা মূল্যের এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ ও বিজিবি। এসময় জব্দ করা হয়েছে একটি সিএনজিও। আটক করা হয়েছে সিএনজিচালককে। এ ঘটনা থেকে রক্ষা পেতে টাকার মিশনে নেমেছে মূল ইয়াবা ব্যবসায়ীরা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে ইয়াবার একটি বড় চালান হাতবদল হবে জানতে পেরে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল মজিদ পুলিশের বিশেষ টহলদল নিয়ে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় যান। এ সময় একটি সিএনজিকে থামানোর সিগন্যাল দিলে সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। পুলিশও পিছু ধাওয়া করে সিএনজিটি থামাতে সমর্থ হয়।

এসময় সাবরাং দক্ষিণ নয়াপাড়ার নুর মোহাম্মদের ছেলে মাহবুব উল্লাহ নামক সিএনজিচালককে আটক এবং গাড়িতে থাকা ৩টি বস্তাসহ সিএনজিটি জব্দ করে পুলিশ। পরে থানায় ইয়াবার বস্তাগুলো এনে গণনা করে ১২টি পুটলায় এক লাখ ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।

এ ব্যাপারে আটক চালককে জিজ্ঞাসাবাদে প্রকৃত শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের শনাক্তকরণের চেষ্টা চলতে পারে এমন খবর প্রচার হওয়ার পর প্রভাবশালী সিন্ডিকেট মোটা অংকের বিনিময়ে শুধু চালককে আসামি করে মামলা দায়েরের জন্য থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করছে বলে জানা যায়।

"
অপরদিকে, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী গোপন সংবাদে সাবরাং ২নং স্লুইচ গেইট সংলগ্ন নাফনদী সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

উদ্ধার ইয়াবারগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানান তিনি।

সায়ীদ আলমগীর/বিএ