ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে আ.লীগ নেতার আত্মহত্যা

প্রকাশিত: ০৮:৪১ এএম, ১৬ মে ২০১৬

যশোরের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গণের প্রিয় মুখ জয়ন্ত বিশ্বাস (৪৮) আর নেই। সোমবার ভোরে শহরের বেজপাড়ার বোনের বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। ব্যক্তি জীবনের হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তার কাছের মানুষদের ধারণা।

জয়ন্ত বিশ্বাস ছিলেন নাট্যকর্মী, নাট্য নির্দেশক এবং যশোর জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, স্বজনদের মাধ্যমে খবর পেয়ে সোমবার সকাল পৌনে ৯টার দিকে জয়ন্ত বিশ্বাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দুপুরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর তার মরদেহ যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদ, জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গন হয়ে নীলগঞ্জ শ্মশানে নিয়ে যাওয়া হয়।

তার স্বজনরা জানান, জয়ন্ত বিশ্বাস ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। শুরুতে তিনি ছাত্রলীগ, যুবলীগ হয়ে আওয়ামী লীগে যুক্ত হন। পালন করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব। গত মেয়াদের যশোর জেলা আওয়ামী লীগের কমিটিতে তিনি সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।

কিন্তু গত মাসে কেন্দ্র থেকে ঘোষিত জেলা কমিটিতে তার ঠাঁই হয়নি। তবে এ নিয়ে তিনি কোথাও কোনো অনুযোগ না করলেও তার মাঝে হতাশা ছিল বলে তার বন্ধুমহল মনে করেন।

যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডিএম শাহিদুজ্জামান জানান, জয়ন্ত বিশ্বাসের মত মানুষের এভাবে চলে যাওয়া খুবই দুঃখজনক। এটা কোনোভাবেই মেনে নেয়া যায়না।

মিলন রহমান/এফএ/আরআইপি