ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৮ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সংক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হল থেকে ‘বিতর্কিত নেতৃত্বে ছাত্র আন্দোলনের কমিটি গঠনের প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি নগরীর জিলা স্কুল মোড়, নতুন বাজার হয়ে গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে এসে সমাবেশ করে শেষ হয়।

সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, গত ২৬ জানুয়ারি ঢাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগরের ২৩৫ সদস্যবিশিষ্ট পৃথক দুটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে দেখা যায়, যারা বিগত আন্দোলনের নেতৃত্বে দিয়েছেন তারা উপেক্ষিত। কিন্তু যারা ৫ আগস্টের পরবর্তী সময়ে জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ না করে বিআরটিসি অফিসে হামলা, আওয়ামী দোসরদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অপচেষ্টা, ইউএনও অফিসে চাঁদাবাজি, ডিআইজি অফিসে হামলা, খুনের আসামিকে ছাড়ানোর জন্য মধ্যরাতে বিভাগীয় কমিশনারকে ফোন দিয়ে সুপারিশ করেছেন এবং নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন তারা পদ পেয়েছেন।

তারা আরও বলেন, এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার হওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে উল্টো গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে। এমনকি কমিটিতে ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ পদধারীদের বিনা অনুমতিতে পদায়ন করা হয়েছে। এরপরও সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আশা করছি তারা বিষয়টি পুনর্বিবেচনায় নিয়ে কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেবেন।

এসময় বক্তব্য দেন বিগত আন্দোলনের সমন্বয়ক আশিকুর রহমান, জিকে ওমর ফারুক, ফুয়াদ হাসান, আসাদুজ্জামান হৃদয়, ওয়ালীউল্লাহ, আব্দুল আলিম, আশিক হোসেন খান পিয়াস, নিশাদ প্রমুখ।

এর আগে সোমবার (২৭ জানুয়ারি) রাতে নবগঠিত জেলা ও মহানগর কমিটি পুনর্বিবেচনার দাবি জানিয়ে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন বিক্ষোভকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল সই করা প্যাডে ওইদিন ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।

জেলার নবগঠিত কমিটিত আনোয়ার হোসেন মঞ্জুকে আহ্বায়ক ও আলী হুসেনকে সদস্যসচিব করা হয়েছে। অন্যদিকে মহানগর কমিটিতে মো. অলিউল্লাকে আহ্বায়ক ও আল নূর মো. আয়াসকে সদস্যসচিব করা হয়েছে।

জেলা কমিটিতে মাজহারুল ইসলামকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করে ২৪ জনকে যুগ্ম-আহ্বায়ক, আসাদুজ্জামান হৃদয়কে সিনিয়র সদস্যসচিব করে ৩৯ জনকে যুগ্ম-সদস্যসচিব, সাজ্জাদ হোসেন সজিবকে মুখ্য সংগঠক করে ৪০ জনকে সংগঠক, ফয়সাল ফারনিমকে মুখপাত্র করে মাহবুবা আক্তার তৃপ্তিকে সহ-মুখপাত্র ও ১১৫ জনকে সদস্য করা হয়েছে।

মহানগর কমিটিতে মাহাদী হাসান তারেককে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করে ১৬ জনকে যুগ্ম-আহ্বায়ক, ওয়ালিদ আহমেদ অলিকে সিনিয়র সদস্যসচিব করে ১৪ জনকে যুগ্ম-সদস্যসচিব, মেহেদী হাসান সিয়ামকে মুখ্য সংগঠক করে ৫৯ জনকে সংগঠক, শরিফুল ইসলামকে মুখপাত্র করে রিসাদুল আলম প্রিন্সকে সহ- মুখপাত্র ও ১৩৯ জনকে সদস্য করা হয়েছে।

কামরুজ্জামান মিন্টু/এসআর/এমএস