ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

ভোট ও গণভোট

দুদিন দোকান-শপিংমল বন্ধ রাখা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ রাখার ঘোষণা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দুদিন দোকান বন্ধের ঘোষণা দিলেও আরেক সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে, এমন কোনো ঘোষণা নেই। চাইলে কেউ দোকান খোলা রাখতে পারবেন।

বাংলাদেশ দোকান মালিক সমিতি জানিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু মহল দোকান বন্ধ রাখার ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। ‘বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি’ নামের সংগঠনটি কোনো নিবন্ধিত বাণিজ্যিক সংগঠন নয়।

গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি আলাদা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, তারা দোকান বা শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়নি।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন জানান, দোকান বন্ধ রাখার কোনো নির্দেশনা সমিতি থেকে দেওয়া হয়নি। তবে প্রতিটি এলাকায় দোকান ও শপিং মলের আলাদা মালিক সমিতি থাকায় তারা চাইলে নিজস্ব সিদ্ধান্তে দোকান বন্ধ রাখতে পারে। বন্ধ রাখার কোনো নির্দেশনা বাংলাদেশ দোকান মালিক সমিতি নেয়নি।

ফলে এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মার্কেট ও বাজার সমিতিগুলো তাদের সুবিধা অনুযায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার সিদ্ধান্ত নেবে। কেন্দ্রীয়ভাবে কোনো বাধ্যবাধকতা নেই।

তবে এ সংগঠন দাবি করছে, বাংলাদেশ দোকান মালিক সমিতি বাণিজ্য মন্ত্রণালয় ও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি কর্তৃক নিবন্ধিত একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক সংগঠন।

এদিকে, স্থানীয় মার্কেট ও বাজার সমিতির কয়েকজন প্রতিনিধি জাগো নিউজকে জানিয়েছে, ব্যবসায়ীদের অধিকাংশই ভোটের দিন (১২ ফেব্রুয়ারি) দোকান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এনএইচ/এমএএইচ/