ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

এমপি পদে বিজয়ী ১৭৪ ব্যবসায়ী, পোশাক খাতের অন্তত ১৫ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫০ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য (এমপি) পদে বিজয়ীদের মধ্যে ১৭৪ জন বা ৫৯ শতাংশই ব্যবসায়ী। তাদের মধ্যে পোশাক শিল্প-মালিক ও সংশ্লিষ্ট পরিবারের সদস্য আছেন অন্তত ১৫ জন। হলফনামার তথ্য পর্যালোচনা ও বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকার গঠন করতে যাওয়া বিএনপি এবারের নির্বাচনে ২০৯টি আসন পেয়েছে। এই দল থেকে জয়ী প্রার্থীদের ১৪৫ জন বা ৬৯ শতাংশ নিজেদের পেশা ব্যবসা উল্লেখ করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ আসন পাওয়া জামায়াতের ২০ জন বা ২৯ শতাংশ জানিয়েছেন তারা ব্যবসায়ী।

তথ্যমতে, দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীর ১৮ শতাংশ ছিলেন ব্যবসায়ী। পরে ক্রমেই জাতীয় সংসদে ব্যবসায়ীদের উপস্থিতি বাড়তে থাকে। ১৯৯১ সালের সংসদে ব্যবসায়ী ছিলেন ৩৮ শতাংশ। সর্বশেষ টানা কয়েক মেয়াদ ক্ষমতায় থাকা আওয়ামী লীগের আমলেও সংসদে ব্যবসায়ীদের আধিপত্য ছিল। এখন নতুন সংসদে অর্ধেকের বেশি এমপিই হতে যাচ্ছেন ব্যবসায়ী।

জয়ী পোশাক ব্যবসায়ীরা
পোশাক শিল্প-মালিক ও তাদের পরিবারের কমপক্ষে ১৫ জন সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন। সবাই বিএনপির প্রার্থী ছিলেন।

প্রার্থীদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু ফেনী-৩ থেকে নির্বাচিত হয়েছেন। এছাড়া, বিজিএমইএর সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান মতিন টাঙ্গাইল-৪ ও সাবেক প্রথম সহ-সভাপতি এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ থেকে জয় পেয়েছেন।

বিজিএমইএ সদস্য জয়নুল আবদিন ফারুক নোয়াখালী-২, জাকির হোসেন বাবলু ময়মনসিংহ-৫ ও জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৪ থেকে সংসদে যাচ্ছেন।

খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়া-৩, শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ-১, শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর-১ ও তৈরি পোশাক শিল্প-মালিক পরিবারের সদস্য শামা ওবায়েদ ইসলাম ফরিদপুর-২ থেকে নির্বাচিত হয়েছেন।

বিকেএমইএ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর পিরোজপুর-২ থেকে বিজয়ী হয়েছেন। এছাড়া, কুমিল্লা-৯ থেকে বিটিএমএর সহ-সভাপতি মো. আবুল কালাম, মানিকগঞ্জ-৩ থেকে সংগঠনের পরিচালক আফরোজা খানম রিতা, হবিগঞ্জ-৪ থেকে প্রাক্তন সহ-সভাপতি এস এম ফয়সাল ও নরসিংদী-৩ থেকে সদস্য মঞ্জুর এলাহী সংসদ সদস্য হয়েছেন।

ইএইচটি/একিউএফ