নতুন সরকারকে ঢাকা চেম্বারের অভিনন্দন ও শুভেচ্ছা
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)/ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা চেম্বার এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি মনে করে, বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের কাঙ্খিত প্রতিনিধি নির্বাচন করেছে। যারা আগামীতে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে যোগ্য নেতৃত্বের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতিকে পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি দ্রুত বাস্তবায়ন করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে যুক্তরাষ্ট্র কর্তৃক পারস্পরিক শুল্কারোপ এবং আভ্যন্তরীণ নানামুখী সংকটের কারণে আমাদের স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্থানীয় বিনিয়োগসহ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) প্রাপ্তিতে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়নি, সেই সঙ্গে রপ্তানিমুখী খাতের অবস্থাও তেমন আশাব্যঞ্জক নয়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এসএমই খাত, যার ফলে প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ যেমন কমেছে, সেই সঙ্গে হোঁচট খেয়েছে সামগ্রিক উৎপাদন ইকোসিস্টেম। এ অবস্থায় উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়াই কষ্টসাধ্য হয়ে পড়েছে।
ঢাকা চেম্বার বলছে, সাম্প্রতিক সময়ে, আইনশৃঙ্খলা পরিস্থিতিরঅনাকাঙ্ক্ষিত নাজুক অবনতি স্থানীয় ও বিদেশি উদ্যোক্তাদের শিল্প-কারখানা পরিচালনাকে নিরুৎসাহিত করছে। বন্দরসমূহের কার্যক্রম ও ব্যবস্থাপনার সমন্বয়হীনতা, এনবিআর সংস্কারের কার্যক্রমে সৃষ্ট অচলাবস্থা, শিল্পখাতের প্রয়োজনীয় জ্বালানি প্রাপ্তির অনিশ্চয়তা, সুদের উচ্চহার, সংকোচনমুখী মুদ্রানীতি, উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তির দীর্ঘসূত্রিতা এবং সর্বোপরি প্রয়োজনীয় নীতিসহায়তার অভাব দেশের বেসরকারি খাতে অগ্রগতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব পরিস্থিতি মোকাবেলায় দেশের জাতীয় স্বার্থ বিবেচনায় কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির উপস্থিতির বিকল্প নেই বলে মনে করে ডিসিসিআই। দেশের সার্বিক অর্থনীতিকে গতিশীল রাখতে দেশের শিল্প ও বাণিজ্যখাতে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ নিরসনে নব-নির্বাচিত সরকারের প্রতি আবেদন জানাচ্ছে ঢাকা চেম্বার।
ইএইচটি/এমএমকে