অর্থনৈতিক পুনরুদ্ধার ও কাঠামোগত সংস্কারে জোর বিল্ডের
দেশের টেকসই প্রবৃদ্ধি ও প্রাইভেট সেক্টরের স্থিতিশীলতা নিশ্চিত করতে নতুন সরকারকে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা ও ব্যাংকিং খাতের তারল্য উন্নয়নের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)।
বিল্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং প্রাইভেট সেক্টরের স্থিতিশীলতা রক্ষার জন্য বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো গুরুত্বের সঙ্গে মোকাবিলা করা জরুরি।
সংস্থার মতে, নতুন সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, যার জন্য দরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা বিনিময় স্থিতিশীলতা এবং ব্যাংকিং খাতের তারল্য উন্নয়ন।
বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং শিল্প উৎপাদনশীলতা বজায় রাখতে স্টেবল ইকোনমিক এনভায়রনমেন্ট তৈরি করা অপরিহার্য বলে মনে করছে সংস্থাটি।
পাবলিক-প্রাইভেট ডায়ালগ প্ল্যাটফর্ম হিসেবে বিল্ড সরকারকে আহ্বান জানিয়েছে কস্ট অব ডুয়িং বিজনেস কমাতে নীতিগত সংস্কার দ্রুত বাস্তবায়নের জন্য। এছাড়াও বাণিজ্য সহজীকরণ, শুল্ক কাঠামোর যৌক্তিকীকরণ এবং নিয়ন্ত্রক সংস্থার আমলাতান্ত্রিক জটিলতা দূর করার ওপর জোর দিয়েছে সংস্থাটি।
কর্মসংস্থান সৃষ্টিতে এবং রপ্তানি বহুমুখীকরণের জন্য দেশীয় ও ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আকর্ষণ জাতীয় অর্থনৈতিক কর্মসূচির কেন্দ্রবিন্দুতে রাখা জরুরি। এছাড়া অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ খাতের জন্য সুনির্দিষ্ট নীতিগত সহায়তা প্রদান, লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করা এবং ঋণ সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
বিল্ড ২০১১ সাল থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট পলিসি কো-অর্ডিনেশন কমিটির সেক্রেটারিয়েট হিসেবে দায়িত্ব পালন করছে। তথ্যভিত্তিক গবেষণা এবং সরকারি-বেসরকারি খাতের মধ্যে কাঠামোবদ্ধ সংলাপ আয়োজনের মাধ্যমে নীতি সংস্কারে সংস্থাটি সহায়তা করে যাচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে তারা আগ্রহী, যাতে ফলাফলভিত্তিক নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যমান অর্থনৈতিক বাধা দূর করে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলা সম্ভব হয়।
বিল্ড পরিচালিত হয় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে। এটি দেশের শীর্ষস্থানীয় পাবলিক-প্রাইভেট ডায়ালগ প্ল্যাটফর্ম হিসেবে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও নীতি সংস্কারে গবেষণাভিত্তিক সহায়তা দিয়ে থাকে।
আইএইচও/এমএমএআর