ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন, সূচক মিশ্র 

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছেন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরপরও বেড়েছে প্রধান মূল্যসূচক। তবে কমেছে শরিয়াহ সূচক।  

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি মূল্যসূচক কমেছে। মূল্যসূচকের পতন হলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।  

এর আগে গত সপ্তাহের প্রথম কার্যদিবস শেয়ারবাজারে বড় উত্থান হয়। একদিনে ডিএসইর প্রধান সূচক বাড়ে ২০০ পয়েন্ট। তবে পরের চার কার্যদিবস টানা দরপতন হয়।

এ পরিস্থিতিতে আজ রোববার শেয়ারবাজারে লেনদেন শুরুর অল্প সময়ের মধ্যে দাম কমার তালিকা বড় হয়ে যায়। ফলে লেনদেনের শুরুর দিকে সূচক ঋণাত্মক হয়ে পড়ে। মাঝে কিছু সময়ের জন্য দাম বাড়ার তালিকায় চলে আসে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ফলে সূচকও উর্ধ্বমুখী হয়।  

কিন্তু লেনদেনের শেষদিকে দাম কমার তালিকায় চলে আসে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। তবে এর মধ্যেও বেশিরভাগ আর্থিক প্রতিষ্ঠান ও বড় মূলধনের কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। ফলে দাম কমার তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান থাকার পরও প্রধান মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।  

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১২৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৯৪টির। এছাড়া ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে।  

ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬১টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে ৯৯টির দাম কমেছে এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২৬টি কোম্পানির শেয়ারের দাম বাড়ার বিপরীতে ৪৩টির দাম কমেছে এবং ১১টির দাম অপরিবর্তিত রয়েছে।  

আরও পড়ুন
লিটারে প্রায় ১৬ টাকা কমলো ফার্নেস অয়েলের দাম 
লেবু-শসা-বেগুনের দাম কমছে 

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৬টির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫২টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ৭টির দাম বেড়েছে। বিপরীতে ৭টির দাম কমেছে এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম কমার তালিকা বড় হওয়ার পরও ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় এক পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক শূন্য দশমিক ৩০ পয়েন্ট কমে এক হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে। বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৪ পয়েন্টে উঠে এসেছে। 

প্রধান মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৫৯ কোটি ৯৯ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৮ কোটি ৯ লাখ টাকা।  

এই লেনদেনে সব থেকে বড় ভূমিকা রেখেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ৩৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৬২ লাখ টাকার। ২০ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক।  

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- রবি, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সায়হাম কটন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।  

অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৪৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৫০ প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৩টির এবং ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৩ কোটি ১০ লাখ টাকা। 

এমএএস/কেএসআর