‘ডিজিটাল ন্যানো লোন’ সেবা চালু করলো মিডল্যান্ড ব্যাংক
সম্প্রতি ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই ডিজিটাল ঋণসেবার উদ্বোধন করা হয়
দেশের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমকে আরও গতিশীল করতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) বিদ্যমান সব গ্রাহকের জন্য আনুষ্ঠানিকভাবে ‘এমডিবি ডিজিটাল ন্যানো লোন’ শীর্ষক অ্যাপভিত্তিক ডিজিটাল ঋণসেবা চালু করেছে।
এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান-উজ জামান আনুষ্ঠানিকভাবে ‘এমডিবি ডিজিটাল ন্যানো লোন’ সেবার উদ্বোধন ঘোষণা করেন।
মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমডিবি ডিজিটাল ন্যানো লোন একটি সম্পূর্ণ অ্যাপভিত্তিক ডিজিটাল ঋণসেবা, যার মাধ্যমে উপযুক্ত গ্রাহকরা অনলাইনে আবেদন, অনুমোদন ও ঋণ নিতে পারবেন। এ সেবার আওতায় ১ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে, যার মেয়াদ হবে সর্বোচ্চ ৬ মাস। যেসব গ্রাহকের মিডল্যান্ড ব্যাংকে রক্ষিত হিসাবে মাসিক ন্যূনতম ১৫ হাজার টাকা গড় স্থিতি রয়েছে, তারা এ ঋণের জন্য আবেদন করতে পারবেন।
নির্ধারিত নীতিমালা অনুযায়ী আবেদনসমূহ দ্রুততম সময়ে প্রক্রিয়াকরণ করা হবে এবং অনুমোদিত ঋণের অর্থ সরাসরি গ্রাহকের মিডল্যান্ড ব্যাংক হিসাবে জমা করা হবে।
গ্রাহকদের স্মার্টফোনের মাধ্যমে ‘midland online’ অ্যাপ ডাউনলোড ও নিবন্ধন করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি ও সিআরও জাহিদ হোসেন, ডিএমডি ও সিটিও নাজমুল হুদা সরকার, ব্যাংকের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের প্রধান ওমর শরীফ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
এমকেআর