ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

সাত মাসে বিদেশি ঋণ যত এসেছে, এর চেয়ে বেশি গেছে পরিশোধে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশের বৈদেশিক ঋণের প্রবাহে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। এসময় উন্নয়ন সহযোগীরা যে পরিমাণ অর্থ বাংলাদেশকে ছাড় করেছে তার থেকে বেশি অর্থ সুদ পরিশোধ বাবদ খরচ হয়েছে। এই প্রথমবারের মতো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া ঋণের অর্থের চেয়ে কিস্তি বাবদ পরিশোধের পরিমাণ ছাড়িয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে দেখা যায়, জুলাই-জানুয়ারি সময়ে উন্নয়ন সহযোগীরা অর্থছাড় করেছে ২ দশমিক ৬৪১ বিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে একই সময়ে আগের নেওয়া বিভিন্ন ঋণের আসল ও সুদ মিলিয়ে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছে ২ দশমিক ৬৭৬ বিলিয়ন ডলার। অর্থাৎ, প্রাপ্তি বা অর্থছাড়ের তুলনায় পরিশোধের পরিমাণ প্রায় ৩৫ মিলিয়ন ডলার বেশি।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বৈদেশিক ঋণ ছাড় কমেছে ৩২ দশমিক ৩৯ শতাংশ। গত বছরের এ সময়ে ছাড় হয়েছিল ৩ দশমিক ৯৩৮ বিলিয়ন ডলার। তবে গত বছরের তুলনায় ঋণ পরিশোধ বেড়েছে ১০ শতাংশ। গত বছরের প্রথম সাত মাসে বাংলাদেশ পরিশোধ করেছিল ২ দশমিক ৪১৮ বিলিয়ন ডলার।

আরও পড়ুন
‘মবে’ জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক 
নতুন গভর্নর কতটা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবেন, প্রশ্ন টিআইবির 

কমেছে প্রতিশ্রুতির পরিমাণ
প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে নতুন ঋণের প্রতিশ্রুতি বা চুক্তি সই কমেছে। জুলাই-জানুয়ারি সময়ে ২ দশমিক ২৭৪ বিলিয়ন ডলারের নতুন প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা গত বছরের একই সময়ে ছিল ২ দশমিক ৩৫০ বিলিয়ন ডলার। ফলে এটি গত বছরের চেয়ে ৩ দশমিক ২৬ শতাংশ কম।

গত অর্থবছরে ছাত্র-জনতার অভ্যুত্থান, সরকার পতন এবং প্রশাসনে অস্থিরতার কারণে উন্নয়ন সহযোগীদের আস্থার সংকটে প্রতিশ্রুতির গতি কমেছিল। তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ায় এই প্রবাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।

প্রতিশ্রুতি বেশি এডিবির, অর্থ ছাড়ে এগিয়ে রাশিয়া
গত ৭ মাসে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি দিয়েছে এডিবি। এসময় এক দশমিক ২৬৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি। এর পরেই রয়েছে বিশ্বব্যাংক ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার। এসময় এআইআইবি, জাপান, ভারত, চীন, রাশিয়া নতুন করে ঋণের প্রতিশ্রুতি দেয়নি। তবে গত ৭ মাসে রাশিয়া ৫৭৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থছাড় করেছে। এছাড়া এডিবি ৫৩৬, বিশ্বব্যাংক ৫৫৫, চীন ২২০, জাপান ১৮৩ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় করেছে।

এমওএস/কেএসআর