ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

নিউমার্কেটে ঈদ কেনাকাটায় বাড়ছে ভিড়, আশাবাদী বিক্রেতারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর নিউমার্কেটে ঈদ কেনাকাটা এখনো পুরোপুরি জমে না উঠলেও রোজা শুরুর পর থেকেই ক্রেতাদের আনাগোনা বাড়তে শুরু করেছে। বিশেষ করে বিকেলের পর থেকে মার্কেট ও আশপাশের ফুটপাতজুড়ে ভিড় চোখে পড়ে। আর ইফতারের পরপরই দোকানগুলোতে ক্রেতা সমাগম আরও বেড়ে যায়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) নিউমার্কেট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, প্রথম রোজার সপ্তাহে সাধারণত মানুষ বাজার যাচাই-বাছাই করেন। কোথায় কী ডিজাইন এসেছে, দাম কেমন এসব খোঁজ খবর নেন। দ্বিতীয় সপ্তাহ থেকে কেনাকাটা বাড়বে বলে আশা করছেন তারা।

মার্কেট ঘুরে দেখা গেছে,নারীদের থ্রি-পিস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা থেকে শুরু করে ৪ হাজার টাকার মধ্যে। দেশীয় কটন ও লনের চাহিদা বেশি। জমকালো কাজের পোশাকের দাম তুলনামূলক বেশি। শাড়ি মিলছে ১ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৮-১০ হাজার টাকা পর্যন্ত। কাপড় ও কাজের ধরন ভেদে দাম বাড়ছে। তবে মাঝামাঝি দামের কাপড়ের চাহিদা বেশি বলে জানিয়েছেন দোকানিরা।

jagonews24.com

এছাড়া, পুরুষদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে ১ হাজার টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে। শিশুদের পোশাকের দামও কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। বাচ্চাদের ফ্রক, পাঞ্জাবি-পায়জামা সেট ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

কয়েকজন ক্রেতা জানান, গত বছরের তুলনায় পোশাকের দাম কিছুটা বেশি মনে হচ্ছে। তবে নতুন ডিজাইন ও কালেকশনের কারণে অনেকেই আগেভাগেই কিনে রাখছেন, যেন শেষ মুহূর্তের ভিড় এড়ানো যায়।

দোকানিরা বলছেন, ঈদের বাকি দিনগুলোতে ভিড় আরও বাড়বে। ইফতারের পর রাত পর্যন্ত দোকান খোলা থাকছে। অনেক দোকানেই বিশেষ ছাড় ও অফার দেওয়া হচ্ছে ক্রেতা আকর্ষণে।

কাপড় কিনতে আসা জোনাকী আক্তার বলেন, ঈদের আগে ভিড় বাড়বে, তাই আগেই কেনাকাটা করতে এসেছি। এখন কিছু কিনবো। আর যদি কিছু প্রয়োজন হয় পরে আবার কিনবো।

নিউমার্কেটের চন্দ্রিমা সুপার মার্কেটের দোকানি লাভলু বলেন, বিক্রি মাত্র শুরু হচ্ছে। এখনও পুরোদোমে শুরু হয়নি। কয়েকদিনের মধ্যেই বাড়বে আশা করছি। এবার বিক্রি নিয়ে আমরা আশাবাদী।

সব মিলিয়ে নিউমার্কেট এলাকায় ঈদ কেনাকাটার আমেজ তৈরি হতে শুরু করেছে। সন্ধ্যার পর বাড়তে থাকা ভিড় ও রঙিন পোশাকের সমারোহে জমে উঠছে রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী এই বাজার।

এনএস/এএমএ