সোনার দাম আরও বাড়লো, ভরি ২৬৮৬৮০ টাকা
ফাইল ছবি
দেশের বাজারে সোনার দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম তিন হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। রোববার (১ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সকালে বৈঠক করে ১০টা ৩০ মিনিট থেকে ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয় ৪ হাজার ৩৭৪ টাকা। তার আগে ২৩ ফেব্রুয়ারি ২ হাজার ২১৬ টাকা এবং ২১ ফেব্রুয়ারি ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানো হয়। এতে চার দফায় ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হলো ১৩ হাজার ১২২ টাকা।
এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৯১ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৬ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮৫৯ টাকা।
এর আগে আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ১২৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৯১৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৭ হাজার ৭০১ টাকা। আজ রাত পর্যন্ত এই দামেই সোনা বিক্রি হয়েছে।
সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৯৯৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৭০৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৫ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এমএএস/এমএএইচ/ইএ