হাইকমিশনার সারাহ
চা, চামড়া ও হালকা প্রকৌশল শিল্পে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ/ছবি: সংগৃহীত
বাংলাদেশে চা, চামড়া প্রক্রিয়াকরণ ও হালকা প্রকৌশল শিল্পের মতো খাতে বিনিয়োগ করতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সারাহ কুক।
সোমবার (২ মার্চ) বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। সকালে সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
এসময় দুই দেশের মধ্যকার বিদ্যমান বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করা এবং নতুন নতুন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বলেন, বাংলাদেশ কার্যকর ও টেকসই অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায়।
তিনি জানান, সিলেটের চা শিল্পের আধুনিকায়ন ও উৎপাদন বৃদ্ধিতে যুক্তরাজ্যের বিনিয়োগ প্রয়োজন। সেখানকার চা বাগানে বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের চা শিল্পে যুক্তরাজ্যের বিনিয়োগের অতীত অভিজ্ঞতা আছে। এ খাতে বিনিয়োগ বাড়ালে নতুন কর্মসংস্থান বাড়বে এবং একই সঙ্গে পর্যটন শিল্পের বিকাশ ঘটবে।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সার কারখানাগুলো গ্যাস-সংকটে পুরো বছর চালু থাকে না। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মাধ্যমে বছরজুড়ে সার কারখানা চালু করার জন্য বিদেশি বিনিয়োগকারী প্রয়োজন।
তিনি ব্রিটিশ বিনিয়োগকারীদের সার কারখানাগুলোর পাশাপাশি দেশের ক্রমবর্ধমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান।
এসময় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের অংশীদারত্বমূলক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড নেগোসিয়েশন পুলের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার সিলেটের চা বাগান, সামুদ্রিক খাবার, চামড়া প্রক্রিয়াকরণ, রপ্তানি বৈচিত্র্যকরণ ও হালকা প্রকৌশল শিল্পে বিনিয়োগে বিশেষ আগ্রহ দেখান। তিনি বলেন, এসব খাতে যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা কাজ করতে আগ্রহী।
বৈঠকে বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।
এনএইচ/একিউএফ