সরকার গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে: মন্ত্রী মুক্তাদির
রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে তাঁতশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির/ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার কুটিরশিল্প ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট, শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (৮ মার্চ) রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে তাঁতশিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ তাঁতবোর্ডের উদ্যোগে ও বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় ১০ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলা শেষ হবে ১৭ মার্চ।
মন্ত্রী আব্দুল মুক্তাদির জানান, তাঁতের প্রতিটি পণ্য বেশ সম্ভাবনাময়। এগুলোর প্রসারের জন্য উন্নত বিপণন খুব জরুরি।
তিনি বলেন, ‘সামনে সংশ্লিষ্টদের নিয়ে কীভাবে উৎপাদন খরচ কমানো যায়, উপকরণগুলো সহজলভ্য করা যায়, তা নিয়ে কাজ করবো। মসলিন ও জামদানি যদি উঁচু মূল্যের না হয় তাহলে টিকবে না। বস্ত্রখাতের হারানো ঐতিহ্য দেশ ছাপিয়ে বিশ্বের বুঁকে ফেরাতে আমরা কাজ করবো, যা আগামীতে প্রতিফলিত হবে।’
বাংলাদেশের তাঁত শিল্পের ইতিহাস বেশ পুরানো উল্লেখ করে মন্ত্রী জানান, ঐতিহ্যপূর্ণ তাঁত শিল্পের সঙ্গে প্রায় ১৫ লাখ লোক জড়ানো। গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে এ শিল্পের অবস্থান দ্বিতীয় আর বৈদেশিক রপ্তানির ক্ষেত্রে এর অবদান প্রায় ২ দশমিক ৬ শতাংশ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন নিয়ে কুটিরশিল্প ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, উচ্চ আয়ের দেশ গঠনে তাঁতশিল্পের বিকাশে বাংলাদেশ তাঁতবোর্ড ভূমিকা রাখছে। তাঁত খাতে উৎপাদিত বস্ত্র এ দেশের বস্ত্র চাহিদার প্রায় ৪৫ ভাগ পূরণ করে থাকে। এ শিল্পের সমৃদ্ধির লক্ষ্যে উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ই-কমার্স প্ল্যাটফর্ম সংযুক্ত করা লাগবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি সভাপতির বক্তব্যে বস্ত্র খাতের সমস্যা ও সমাধানের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। তিনি আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে এর পণ্যগুলো বিকশিত করার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ তাঁতবোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকীর পক্ষে বোর্ডের সদস্য মোহাম্মদ মিজানুর রহমান।
বস্ত্র ও পাটমন্ত্রী এবং প্রতিমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলার সবগুলো স্টল পরিদর্শন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এনএইচ/একিউএফ