৩১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘গ্রান কুভা’
ডিজেলবাহী জাহাজ গ্রান কুভা
সিঙ্গাপুর থেকে ৩১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে ট্যাংকার জাহাজ ‘গ্রান কুভা’। জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
বন্দরের প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতেই জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে। এটিসহ চলতি মাসের ৩১ তারিখের মধ্যে আসার কথা রয়েছে ৮২ হাজার টন ডিজেল।
নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, ‘৩১ মার্চের মধ্যে ৮০-৮২ হাজার টন ডিজেল আসবে। এর মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকে তিনটি পার্সেলের পাশাপাশি ভারতের এনআরএল থেকে পাইপলাইনে ৫-৭ হাজার টন ডিজেল আসবে।’
আরও পড়ুন
এবার স্পট মার্কেট থেকে এক লাখ টন অকটেন কিনছে বিপিসি
স্পট মার্কেট থেকে ১৮ লাখ টন ডিজেল কিনছে বিপিসি
বন্দর সূত্রে জানা যায়, হংকংকের পতাকাবাহী ট্যাংকার জাহাজ ‘গ্রান কুভা’ বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে এসেছে। জাহাজটিতে ৩১ হাজার ২০৩ টন ডিজেল রয়েছে। ‘পিভিটি সোলানা’ নামের আরেকটি জাহাজ ৩১ মার্চ চট্টগ্রাম বন্দরে আসবে। পানামার পতাকাবাহী জাহাজটি মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে আসবে।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জাগো নিউজকে বলেন, ‘মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে সারাবিশ্বে জ্বালানি নিয়ে সংকট তৈরি হয়েছে। প্রভাব পড়েছে বাংলাদেশেও। জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন করতে চট্টগ্রাম বন্দর অগ্রাধিকারভিত্তিতে জ্বালানিবাহী জাহাজ বার্থিক ও খালাসে পূর্ণ সহযোগিতা দিচ্ছে। ৩১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। আরেকটি ৩১ মার্চ আসার কথা রয়েছে।’
এমডিআইএইচ/এএসএ