ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

পরিবেশবান্ধব সনদ পেলো দেশের আরও ৫ কারখানা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৯ মার্চ ২০২৬

বাংলাদেশের তৈরি পোশাক খাত বৈশ্বিক সবুজ শিল্পায়নে আবারও নতুন মাইলফলক স্পর্শ করেছে। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে আরও পাঁচটি তৈরি পোশাক কারখানা লিড সনদ অর্জন করেছে।

নতুন করে আরও ৫ কারখানার লিড সনদ পাওয়ার মধ্য দিয়ে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে ২৮০টিতে পৌঁছেছে। যা দেশের পোশাক শিল্পে টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদনের ধারাবাহিক অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করেছে।

এর মধ্যে ১১৮টি প্লাটিনাম এবং ১৪৩টি গোল্ড রেটিং অর্জন করেছে। পাশাপাশি বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত লিড কারখানার মধ্যে বাংলাদেশেরই ৫২টি কারখানা স্থান করে নিয়েছে—যা এই খাতের টেকসই উৎপাদনে অগ্রগতির স্পষ্ট প্রমাণ।

নতুন সনদপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (ইউনিট-৭) ৬৭ স্কোর পেয়ে লিড গোল্ড ক্যাটাগরিতে সনদ অর্জন করেছে। সুরমা গার্মেন্টস লিমিটেড ৭১ স্কোর পেয়ে লিড গোল্ড ক্যাটাগরিতে সনদ পেয়েছে।

নাফা অ্যাপারেলস লিমিটেড (ইউনিট-০২) ৬৫ স্কোর অর্জন করে লিড গোল্ড ক্যাটাগরিতে সনদ লাভ করেছে। উইন্টার ড্রেস লিমিটেড ৮৫ স্কোর পেয়ে লিড প্লাটিনাম ক্যাটাগরিতে সনদ অর্জন করেছে। মেহের গার্মেন্টস লিমিটেড ৮৯ স্কোর অর্জন করে লিড প্লাটিনাম ক্যাটাগরিতে সনদ পেয়েছে।

বিশ্লেষকদের মতে, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা, জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে বাংলাদেশের পোশাক শিল্প ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। নতুন এই স্বীকৃতি দেশের সবুজ শিল্পায়নকে আরও বেগবান করবে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

আইএইচও/এমএমকে