ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

জাপানের স্টিকি রাইস উৎপাদনে আগ্রহী বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:২১ পিএম, ০৬ এপ্রিল ২০২৬

জাপানের স্টিকি রাইস উৎপাদনে বাংলাদেশের আগ্রহের কথা ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচিকে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রাষ্ট্রদূত। এসময় মন্ত্রী এই আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে বাংলাদেশ-জাপান সম্পর্ক, কৃষি, নিরাপদ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

শুরুতে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। রাষ্ট্রদূত সাইদা শিনিচি মন্ত্রীকে সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে যুক্ত হওয়ায় অভিনন্দন জানান।

মন্ত্রী কৃষিখাতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য জাপানকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী। জাইকার মাধ্যমে জাপান বাংলাদেশকে বিভিন্ন খাতে সহযোগিতা করছে। জাপানের কৃষি বিশেষ করে ধান উৎপাদনের সঙ্গে বাংলাদেশের অনেক মিল রয়েছে।

মন্ত্রী বাংলাদেশ থেকে জাপানে কৃষিপণ্য আমদানি বাড়ানোর জন্য রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের বড় বড় নদীর অববাহিকায় অসংখ চর রয়েছে। যেখানকার মাটি উর্বর, সেগুলোতে মিস্টি আলু জাতীয় ফসল উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে।

জাপান আগ্রহী হলে সেখানে বৃহৎ পরিসরে অর্গানিক উপায়ে রপ্তানিমুখী কৃষিপণ্য উৎপাদন করা যাবে। এসময় মন্ত্রী জাপানের স্টিকি রাইস উৎপাদনে বাংলাদেশের আগ্রহের কথা রাষ্ট্রদূতকে জানান।

একই সঙ্গে তিনি রপ্তানিমুখী কুচিয়া ও কাঁকড়া চাষে জাপানের প্রযুক্তিগত সহযোগিতা আশা করেন।

রাষ্ট্রদূত বলেন, জাপান জাইকার মাধ্যমে বাংলাদেশের কৃষি ও মৎস্যখাতে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। জাপানের বেসরকারি খাত বাংলাদেশের কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য প্রক্রিজাতকরণ খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে রাষ্ট্রদূত জানান। মন্ত্রী জাপানের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান।

এসময় কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।

এনএইচ/ইএ