ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

ভোজ্যতেলের বেচাকেনা দেখতে হঠাৎ বাজার পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩০ পিএম, ০৭ এপ্রিল ২০২৬

ভোজ্যতেলের সরবরাহ ও বিপণন পরিস্থিতি সরেজমিনে দেখতে রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় তিনি হঠাৎ বাজার পরিদর্শনে যান। এসময় বাজারে ভোজ্যতেলের ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ ও বিপণন পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।

বাজার পরিদর্শনের সময় উপস্থিত ক্রেতাদের সঙ্গেও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান তার সঙ্গে ছিলেন।

খুচরা বিক্রেতারা জানান, তারা চাহিদার তুলনায় তেলের সরবারাহ কম পাচ্ছেন। বাজারে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ একেবারে কম। অন্যদিকে, খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে।

ক্রেতারা বলছেন, বোতলজাত সয়াবিন তেল বাজারে কম, তবে দাম বাড়েনি। বিভিন্ন তেল কোম্পানির ডিলাররা তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুটি ব্র্যান্ডের তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও বেশিরভাগ ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ প্রায় স্বাভাবিক। এসময় কয়েকটি দোকানে নতুন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল বিক্রি করতে দেখা যায়।

বাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের দ্রুতই সরবরাহ পরিস্থিতি উন্নত হবে বলে আশ্বাস দেন।

এনএইচ/এমকেআর