রাউজানে মেয়াদোত্তীর্ণ পণ্য: ১৮ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
ছবি-সংগৃহীত
চট্টগ্রামের রাউজান উপজেলা বাজারে মূল্যতালিকা না টানানো, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, অবৈধ মজুত ও ফুটপাত দখলসহ বিভিন্ন অনিয়মের দায়ে ১৮টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর সমন্বয়ে রাউজান পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পৌরসভার ফকির হাট, মুন্সিরঘাটা, জলিল নগর ও গহিরা এলাকায় অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৭-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট মুহাম্মদ তাহমিদুল হক জিসান।
অভিযানে দেখা যায়, মুন্সিরঘাটা এলাকায় একটি ভোজ্য তেলের গুদামে অবৈধ মজুদের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জলিলনগর থানা সড়কের আলম স্টোরে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয়ের রসিদ দেখাতে না পারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। গহিরা চৌমুহনী এলাকার একটি বেকারি ও মিষ্টি প্রস্তুতকারী কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় এবং পণ্য জব্দ করা হয়।
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৯টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ফুটপাত দখল করে গড়ে ওঠা ১৫ থেকে ২০টি অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।
অভিযান প্রসঙ্গে র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ভোজ্য তেলের অবৈধ মজুত রোধ এবং বাজার স্থিতিশীল রাখতে এই মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে বিএসটিআই-এর মেট্রোলজি পরীক্ষক মুহাম্মদ রাশেদ ও ফিল্ড অফিসার মুহাম্মদ হাসিবুল হাসান উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এমআরএম