ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

আইসিসিবিতে শুরু হচ্ছে তিনদিনব্যাপী অটোমোটিভ আন্তর্জাতিক প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৬

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে তিনদিনব্যাপী অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজনে এ প্রদর্শনী আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।

বুধবার (১৫ এপ্রিল) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, এবারের আয়োজনে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাজ্যসহ ১০টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ৭০টিরও বেশি কোম্পানি, ২০০টি বুথ নিয়ে অংশ নেবে। প্রদর্শনীতে মিতসুবিশি, টয়োটা, মার্সিডিজ বেঞ্জ, হুন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, গ্যাক মোটরস, ডংফেন প্রভৃতি ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হবে।

এছাড়া, টু-হুইলার ব্র্যান্ডগুলোর মধ্যে থাকবে জিহো বাংলাদেশ, সিএফ মটো বাংলাদেশ, লংজিয়া, ভিমোটো প্রভৃতি। বাণিজ্যিক যানের মধ্যে থাকছে ফোটন, ফোরল্যান্ড। প্রদর্শনীতে আরও থাকছে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের মোটর পার্টস এবং বৈদ্যুতিক যান তথা ইলেকট্রিক ভেইকল ইভি।

অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশের অধীনে একই সাথে অনুষ্ঠিত হবে ‘১৯তম ঢাকা মোটর শো ২০২৬’, ‘১০ম ঢাকা বাইক শো ২০২৬’, ‘৯ম ঢাকা অটো পার্টস শো ২০২৬’, ‘৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৬’ এবং ‘তৃতীয় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৬’।

২৩ এপ্রিল দুপুর ১২টায় প্রদর্শনীসমূহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

মেহেরুন এন. ইসলাম বলেন, চলমান বৈশ্বিক যুদ্ধাবস্থা এবং ক্রমবর্ধমান প্রচলিত জ্বালানির সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে বিকল্প জ্বালানি উৎসের ব্যবহার ক্রমেই গুরুত্ব পাচ্ছে। ফলে, ইলেকট্রিক ভেহিকল (ইভি) বা বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার যেমন বাড়ছে, তেমনই এ খাতে নতুন ও তুলনামূলক সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহারও গুরুত্ব পাচ্ছে।

তিনি বলেন, তিনদিনব্যাপী শুরু হতে যাওয়া বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত অটোমোটিভ বিষয়ক এ আন্তর্জাতিক প্রদর্শনীসমূহ প্রচলিত অটোমোটিভ শিল্পকে যেমন এগিয়ে নিতে ভূমিকা রাখবে, তেমনই নতুন বিকল্প প্রযুক্তি ও সমাধান গ্রহণেও সংশ্লিষ্ট শিল্পখাতকে সহায়তা করবে।

আরএএস/এমকেআর