ভিডিও ENG
  1. Home/
  2. অর্থনীতি

তুরস্কে বাংলাদেশের পাটপণ্যের কদর রয়েছে: রাষ্ট্রদূত রামিস সেন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪২ পিএম, ১৫ এপ্রিল ২০২৬

তুরস্কে বাংলাদেশের পাটপণ্যের কদর রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকাশমান এবং এখানে দক্ষ মানবসম্পদ রয়েছে, যা তুর্কি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়।

বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বিশেষ করে তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষিভিত্তিক শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চামড়াজাত ও পাটজাত পণ্যে তুরস্কের বিনিয়োগকারীরা আগ্রহী হলে উভয় দেশই লাভবান হবে। বাংলাদেশে উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়ায় তুর্কি উদ্যোক্তারা এখানে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম পরিচালনা করলে দ্রুতই লাভবান হতে পারবেন।

এ সময় বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার প্রশংসা করে তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকাশমান এবং এখানে দক্ষ মানবসম্পদ রয়েছে, যা তুর্কি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয়।

তিনি বলেন, তুরস্কে বাংলাদেশের পাটপণ্যের যথেষ্ট কদর রয়েছে। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়া খন্দকার আব্দুল মুক্তাদিরকে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএইচ/এমএএইচ/