সর্বোচ্চ বরাদ্দ যোগাযোগে
২ লাখ ৬৩ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন
আসছে ২০২৩-২৪ অর্থবছরের জন্য দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়ন বাজেট চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে এক লাখ ৬৯ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৯৪ হাজার কোটি টাকা ব্যয় করা হবে। এবারের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত।
বৃহস্পতিবার (১১ মে) নতুন এডিপি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে উপস্থাপন করে পরিকল্পনা কমিশন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
চলতি ২০২২-২৩ অর্থবছরে মূল এডিপির আকার ছিল দুই লাখ ৫৬ হাজার ৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের এক লাখ ৪৯ হাজার ১৬ কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে ৯২ হাজার ২০ কোটি টাকা ধরা হয়। তবে সম্প্রতি কাটছাট করে সংশোধিত এডিপি ধরা হয়েছে দুই লাখ ৩৬ হাজার ৫৬১ কোটি টাকা।
আগামী অর্থবছরের এডিপিতে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। এ খাতে বরাদ্দ ৭৫ হাজার ৯৪৪ কোটি ৬২ লাখ টাকা। অন্যান্য খাতের প্রস্তাবিত বরাদ্দের মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানিতে ৪৪ হাজার ৩৯৩ কোটি টাকা। এছাড়া শিক্ষায় ২৯ হাজার ৮৮৯ কোটি ১২ লাখ টাকা। গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাবলীতে ২৭ হাজার ৪৫ কোটি ৬৫ লাখ টাকা। স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নে ১৮ হাজার ৮৮০ কোটি টাকা। স্বাস্থ্যে ১৬ হাজার ২০৪ কোটি টাকা এবং কৃষিতে ১০ হাজার ৭০৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।
অন্যান্য খাতের মধ্যে সাধারণ সরকারি সেবায় দুই হাজার ১১৪ কোটি ৩০ লাখ টাকা, প্রতিরক্ষায় এক হাজার ১০ কোটি টাকা, জনশৃঙ্খলা ও সুরক্ষায় তিন হাজার ৪৩৬ কোটি ২৮ লাখ টাকা, শিল্প ও অর্থনৈতিক সেবায় পাঁচ হাজার ৩৬২ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ খাতে আট হাজার ৯৯৫ কোটি ২১ লাখ টাকা, ধর্ম-সংস্কৃতি ও বিনোদনে দুই হাজার ২৯০ কোটি ২০ লাখ টাকা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে পাঁচ হাজার ৩২১ কোটি ৩৭ লাখ টাকা এবং সামাজিক সুরক্ষা খাতে প্রস্তাব করা হয়েছে তিন হাজার ৩১৮ কোটি ৬৬ লাখ টাকার এডিপি।
আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্প থাকছে এক হাজার ২১৮টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প এক হাজার ১১৮টি, কারিগরি সহায়তা প্রকল্প ৭৮টি এবং সম্ভাব্যতা সমীক্ষা যাচাই প্রকল্প রয়েছে ২২টি।
এমওএস/কেএসআর/এএসএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ ব্যাংক রেজুলেশন আইনে লুটেরাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া আত্মঘাতীমূলক
- ২ কোম্পানির রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়লো
- ৩ দেশীয় কাঁচামালে প্রস্তুত পণ্যে সিএমটি রপ্তানির অনুমোদন চায় বিকেএমইএ
- ৪ উৎপাদন খাত বেগবান করতে বেসরকারি বিনিয়োগের আহ্বান পাট প্রতিমন্ত্রীর
- ৫ ব্যবসার পথে সবচেয়ে বড় বাধা এনবিআর: রিজওয়ান রহমান