ব্যবসার পথে সবচেয়ে বড় বাধা এনবিআর: রিজওয়ান রহমান
ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রিজওয়ান রহমান/ফাইল ছবি
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ব্যবসার পথে সবচেয়ে বড় বাধা হিসেবে আখ্যায়িত করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান রহমান।
তিনি বলেন, ‘আমাদের ব্যবসায়ীদের সবচেয়ে বড় বাধা হচ্ছে যেটা আমরা বলি, আজকে মন্ত্রী (বাণিজ্যমন্ত্রী) সামনে থাকাতে সাহস পাচ্ছি, এটাকে বলে প্রয়োজনীয় আমলাতান্ত্রিক দমন। মানে সংক্ষেপে এনবিআর। এটা থেকে আমরা আসলে বেঁচে উঠতে পারছি না।’
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় রিজওয়ান রহমান এসব কথা বলেন। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চ্যানেল-২৪ ও দৈনিক সমকাল যৌথভাবে এ সভার আয়োজন করে।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট মো. কাওসার আলম, আইসিএবি প্রেসিডেন্ট এন কে এ মবিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহীর প্রমুখ।

রিজওয়ান রহমান বলেন, ‘আমি আজকে মন্ত্রীর সামনে কী বক্তব্য দেব সে বিষয়ে চ্যাটজিপিটি খুলে জিজ্ঞেস করলাম- এখন তো একটা ঝামেলার সময় এসেছে, তারা (নতুন সরকার) দায়িত্ব নিয়েছেন। স্বল্পমেয়াদি জোরালো পদক্ষেপ নেওয়ার জন্য কী করতে হবে? সেখানে দেখলাম যে, বৃহৎ করদাতাদের ধরো, বৃহৎ করদাতাদের কর বাড়াও, বিদ্যমান করদাতাদের কর...এটা হলো স্বল্পমেয়াদি সমাধান। আমার তো মনে হচ্ছে এনবিআর ওই পথেই হাঁটছে। আসলে আমরা কেউ দীর্ঘমেয়াদি সমাধান করতে চাই না। আমরা স্বল্পমেয়াদি পরিকল্পনাগুলোকে দীর্ঘমেয়াদি করে ফেলি। এটাই আমাদের বড় ব্যর্থতা।’
রাজস্ব আদায়ে অটোমেশন কেন হচ্ছে না সেই প্রশ্ন তুলে ডিসিসিআইয়ের সাবেক সভাপতি বলেন, ‘অটোমেশনে বাধাটা কোথায়? অটোমেশনের সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। এটা দুর্নীতিকে প্রতিরোধ করে। তো সেটাতে কার ক্ষতি হবে? সেটাতে কি ব্যবসায়ীর ক্ষতি হবে না কি কর সংগ্রহকারীর ক্ষতি হবে? একজন কর সংগ্রহকারী যে ধরনের সুবিধা পান কর সংগ্রহ থেকে, একজন করদাতা কিন্তু সমান সুবিধা পান না।’
তিনি জানান, কর সংগ্রহকারীরা কমিশন বা বোনাস হিসেবে ৩০ শতাংশ পর্যন্ত অর্থ নিচ্ছেন। এটি ব্যবসায়ীদের দুর্ভোগে ফেলে। কর দিচ্ছেন ব্যবসায়ী, কিন্তু সুবিধা পাচ্ছেন কর সংগ্রহকারী। এটি নজিরবিহীন। তার ওপর তাদের বিচারিক ক্ষমতাও দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে জায়গায় দাঁড়িয়ে ৫০ লাখ টাকা জরিমানা করেন।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে টাকা ছাপানো বন্ধের আহ্বান জানিয়ে রিজওয়ান রহমান বলেন, বাজেটে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তবে টাকা ছাপিয়ে এসব খাতে ব্যয় বাড়ানো টেকসই হবে না বলে তিনি সতর্ক করেন। সেই সঙ্গে আর্থিক খাতে সুশাসনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের রক্ষায় অর্থ ছাপিয়ে সহায়তা দিলে অর্থনীতি আরও ঝুঁকিতে পড়বে।
ইএইচটি/একিউএফ