দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো: শিক্ষা উপদেষ্টা
সচিবালয়ে অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে কর্মশালায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার/ছবি জাগো নিউজ
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে আবার নাগরিক সমাজভিত্তিক কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার।
তিনি বলেন, সরকারি দায়িত্ব শেষ হলে আমি আবারও নাগরিক সমাজভিত্তিক কার্যক্রমে ফিরে যাবো। এ দায়িত্ব আমাকে নতুন কিছু ইস্যু ও প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ দিয়েছে। বিশেষ করে তরুণ সহকর্মীদের উত্থাপিত নানা বিষয় ভবিষ্যৎ অ্যাডভোকেসি ও নীতিগত আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ আলোচনা কোনো সমাপ্তি নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়ার অংশ। সম্মিলিত প্রতিফলন ও অংশগ্রহণই এ উদ্যোগের বড় সাফল্য।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাব্যবস্থার বিদ্যমান ঘাটতি ও অসঙ্গতি পর্যালোচনায় গঠিত কমিটির খসড়া প্রতিবেদন নিয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, পরিবর্তনের নামে শিক্ষাব্যবস্থায় যে রূপান্তর ঘটছে, তার সামাজিক ও সাংস্কৃতিক প্রভাব গভীরভাবে পর্যালোচনা করা জরুরি। এক্ষেত্রে সংস্কৃতি, ঐতিহ্য ও নিজস্ব পরিচয় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়ন খাতে যারা কাজ করে যাচ্ছেন, তাদের অবদান রাষ্ট্র ও সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি ও অন্তর্দৃষ্টি নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ খাতে সক্রিয় ব্যক্তিদের শ্রম ও অবদান আমরা গভীরভাবে স্বীকার করি এবং সম্মান জানাই।
অধ্যাপক সি আর আবরার বলেন, এ কার্যক্রমের মধ্যদিয়ে একটি ভিশন ডকুমেন্ট ও পরামর্শভিত্তিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে সামাজিক শক্তি হিসেবে আমাদের ভূমিকা আরও সুসংহত করতে সহায়ক হবে। এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ও কঠিন কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়া হয়নি। আলোচনায় উপস্থাপিত প্রতিবেদনগুলো কোনো নির্দিষ্ট সরকারের পক্ষে বা বিপক্ষে নয়। এগুলো একটি সমন্বিত আলোচনার ফল।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার অনন্ত নীলিম।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ, বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের অংশীজনরা।
এএএইচ/বিএ
সর্বশেষ - শিক্ষা
- ১ ১৩৫৯৯ অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে আবেদন পেছালো
- ২ প্রাথমিকের ৯৩% শিক্ষক অপেশাদার কাজে ক্লান্ত, বছরে ব্যয় ১৭১০ কোটি
- ৩ প্রাথমিক শিক্ষকরা বেশি টাকা না পেলেও সমাজে মর্যাদা ভালো: উপদেষ্টা
- ৪ দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো: শিক্ষা উপদেষ্টা
- ৫ কোচিং ও নোট-গাইড স্থায়ীভাবে বন্ধে বিধিমালা করছে সরকার