প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রস্তুত, যে কোনো সময় প্রকাশ
ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের ১৪ হাজার ৩৮৫ পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রস্তুতের কাজ শেষ হয়েছে। আজ অথবা আগামীকাল এ ফল প্রকাশ করা হতে পারে।
রোববার (৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। নির্বাচনের আগেই এ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানও।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ফল প্রস্তুতের কাজ শেষ হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। অনুমোদন পেলে যে কোনো সময় এ ফল প্রকাশ করা হতে পারে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন্স বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, ‘গত ৩ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা শেষ হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) ফল প্রস্তুতের কাজও সম্পন্ন হয়েছে। এখন নীতিগত সম্মতি প্রয়োজন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ফলাফল পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন মিললেই ফল প্রকাশ করা হবে।’
এদিকে, নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের আর দুটি কর্মদিবস রয়েছে। সোম ও মঙ্গলবার (৯ ও ১০ ফেব্রুয়ারি)। এ সময়ের মধ্যে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশে তোড়জোড় শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ফলাফল নিয়ে যাতে কোনো বিতর্ক তৈরি না হয়, সেদিকে খেয়াল রেখে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয় ও অধিদপ্তর।
গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা বাদে) এক হাজার ৪০৮টি পরীক্ষাকেন্দ্রে একযোগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি আবেদন জমা পড়ে এবং ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
গত ২১ জানুয়ারি রাতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে ৬৯ হাজার ২৬৫ জনকে উত্তীর্ণ করা হয়। গত ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্ব স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
এএএইচ/বিএ