৬০% নারী কোটা নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য ভাইরাল, যা জানা গেলো
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন/ ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিক নিয়োগে নারীদের ৬০ শতাংশ কোটা পুনর্বহালের বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর ওই বক্তব্য নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ভিডিওটি পর্যালোচনায় দেখা গেছে, ওই বক্তব্য তিনি মন্ত্রী হওয়ার পরে দেননি। বরং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণাকালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্যটি করেছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ২৮ জানুয়ারি চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচারে অংশ নেওয়ার সময় তিনি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন। সম্প্রতি সেই সাক্ষাৎকারের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
সাক্ষাৎকারে এহছানুল হক মিলন বলেন, নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি কর্মসূচি চালু করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি প্রথমে দশম শ্রেণি পর্যন্ত এবং পরে ইন্টারমিডিয়েট পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করেন। পুনরায় দায়িত্ব পেলে তা ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন, তারেক রহমান ডিগ্রি লেভেল পর্যন্ত উপবৃত্তি কার্যক্রম সম্প্রসারণ করবেন।
আরও পড়ুন
পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ
৪৪তম বিসিএসে নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগে সুপারিশ
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রসঙ্গে এহছানুল হক মিলন বলেন, নারীরা ইন্টারমিডিয়েট পাস করার পর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে ৬০ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছিল, যা পরবর্তী সময়ে বিগত সরকার বাতিল করে। সেই কোটা পুনর্বহাল করা হবে বলেও তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন।
এছাড়া বক্তব্যে তিনি মাদরাসা শিক্ষা ও ইংরেজি শিক্ষার মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার কথা বলেন। কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ, প্রবাসীদের প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং রেমিট্যান্স বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়িয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এহছানুল হক মিলন।
মন্ত্রী হওয়ার পর প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারী কোটা ফেরানোর বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করেননি। সম্প্রতি সংবাদ সম্মেলনে তার কাছে এ বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।
এএএইচ/কেএসআর