ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

জুনিয়র-ইবতেদায়িতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা কে কত টাকা পাবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

দেশের স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র ও মাদরাসার পঞ্চম শ্রেণিতে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর মোট ৬৮ হাজার ৭৬৮ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ৪৯৭ জন ট্যালেন্টপুলে এবং ৩৭ হাজার ২৬১ জন শিক্ষার্থী সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী দুই বছর সরকারিভাবে আর্থিক সুবিধা পাবেন। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৪৫০ টাকা হারে বৃত্তি পাবে। এছাড়া তারা বছরে এককালীন ৫৬০ টাকা পাবে। অন্যদিকে সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা হারে বৃত্তি এবং বছরে এককালীন ৩৫০ টাকা পাবে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ড থেকে সারাদেশে মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে নির্বাচিত হয়েছে ৪৬ হাজার ২০০ জন। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ১৪ হাজার ৭০০ এবং সাধারণ ক্যাটাগরিতে পেয়েছে ৩১ হাজার ৫০০ জন।

মাদরাসা বোর্ডের অধীন দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৪৩ হাজার ৭০৯ জন। তাদের মধ্যে বৃত্তি পেয়েছেন ১১ হাজার ১৮০ জন। মাদরাসার পঞ্চম শ্রেণিতে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ৯৩০ জন। তাদের মধ্যে বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে ১১ হাজার ১৮০ জন। এছাড়া কারিগরি বোর্ডের অধীন অষ্টম শ্রেণিতে ২ হাজার ৬১১ জন বৃত্তি পরীক্ষা দিয়ে নির্বাচিত হয়েছে ২০৮ জন।

৯টি সাধারণ বোর্ডের ফল
ঢাকা শিক্ষা বোর্ডে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩ হাজার ৬৩৫ এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৭ হাজার ৭৯০ জন। ময়মনসিংহ বোর্ডে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৯৬৭ ও সাধারণ ক্যাটাগরিতে ২,০৭৩ জন বৃত্তি পেয়েছে।

রাজশাহী বোর্ডে ট্যালেন্টপুলে ১ হাজার ৯২৬ জন এবং সাধারণ ৪ হাজার ১২৮ জন; কুমিল্লায় ট্যালেন্টপুলে ১ হাজার ৬৭৭ জন এবং সাধারণ ৩ হাজার ৫৯৩ জন; সিলেটে ট্যালেন্টপুলে ৯৪৮ এবং সাধারণ বৃত্তি ২ হাজার ৩০ জন, বরিশালে ট্যালেন্টপুলে ৮৭৩ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ১ হাজার ৮৭১ জন।

এছাড়া যশোরে ট্যালেন্টপুলে ১ হাজার ৬৬২ এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩ হাজার ৫৬১ জন; চট্টগ্রামে ট্যালেন্টপুলে ১ হাজার ২১০ জন এবং সাধারণ বৃত্তি ২ হাজার ৫৯৩ জন; দিনাজপুরে ট্যালেন্টপুলে ১ হাজার ৮০২ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৩ হাজার ৮৬১ জন।

ফল দেখা যাবে যেভাবে
অনলাইন পদ্ধতি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) দিলেই ফল দেখা যাবে।

এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে রেজাল্ট জানা যাবে।

এএএইচ/এমআইএইচএস