মেন্ডেলিভ পুরস্কারে আবেদন আহ্বান, বিজয়ী পাবেন আড়াই লাখ ডলার
মৌলিক বিজ্ঞানে দেওয়া হবে মেন্ডেলিভ আন্তর্জাতিক পুরস্কার। ছবি: সংগৃহীত
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক বিশেষায়িত সংস্থা ইউনেস্কো ও রাশিয়ার যৌথ উদ্যোগে ‘মেন্ডেলিভ ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ব্যাসিক সায়েন্সেস’ পুরস্কার দেওয়া হবে। এ পুরস্কারের জন্য প্রার্থীদের মনোনয়ন প্রস্তাব চাওয়া হয়েছে।
ইউনেস্কোর সদস্য রাষ্ট্রগুলো থেকে এ প্রস্তাব করা যাবে। ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাস থেকে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এ পুরস্কারের জন্য প্রস্তাব চাওয়া হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, মৌলিক বিজ্ঞানের ক্ষেত্রে উন্নয়ন, জ্ঞান প্রচার ও আন্তর্জাতিক সহযোগিতায় অসামান্য অবদানের স্বীকৃতি দিতে এ আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়।
পুরস্কারের আওতায় রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত ও জীববিজ্ঞানসহ মৌলিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখাগুলো অন্তর্ভুক্ত, যা উদ্ভাবন ও টেকসই উন্নয়ন অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জানা যায়, প্রতি বছর দুইজন বিশিষ্ট বিজ্ঞানীকে এ পুরস্কার দেওয়া হয়। মৌলিক বিজ্ঞানের উন্নয়ন, জ্ঞান বিস্তার ও আন্তর্জাতিক সহযোগিতায় অসাধারণ অবদানের মাধ্যমে আঞ্চলিক বা বৈশ্বিক পর্যায়ে উল্লেখযোগ্য রূপান্তরমূলক প্রভাব সৃষ্টিকারী ব্যক্তিদের এ পুরস্কারের মাধ্যমে সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার আড়াই লাখ ডলার
‘মেন্ডেলিভ ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ব্যাসিক সায়েন্সেস’ পুরস্কারে প্রত্যেক বিজয়ী পাবেন আড়াই লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় তিন কোটি টাকারও বেশি। এছাড়া বিজয়ীরা পাবেন স্বর্ণপদক ও সনদপত্র। এ পুরস্কারের জন্য নারী বিজ্ঞানীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
আবেদন কীভাবে, শেষ সময় কবে
আগ্রহী প্রার্থীদের ১৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদনপত্র ইংরেজি অথবা ফরাসি ভাষায় হতে হবে। নিবন্ধন ফর্ম ও বিস্তারিত তথ্য ইউনেস্কোর ওয়েবসাইটে পাওয়া যাবে।
এএএইচ/বিএ
সর্বশেষ - শিক্ষা
- ১ মেন্ডেলিভ পুরস্কারে আবেদন আহ্বান, বিজয়ী পাবেন আড়াই লাখ ডলার
- ২ আমরা প্রতীক্ষায় আছি, গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষাব্যবস্থায় অবদান রাখবে
- ৩ ১৮০ দিনের কর্মসূচিতে শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ নেবো: শিক্ষামন্ত্রী
- ৪ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও সব ফাজিল-কামিল মাদরাসা বন্ধ ঘোষণা
- ৫ গবেষণায় চুরি ঠেকাতে ‘অভিন্ন’ নীতিমালা করছে ইউজিসি