৩৮ দিন পর রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
রোববার খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান/ফাইল ছবি
রোজা, ঈদুল ফিতর, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৮ দিনের ছুটি শেষে রোববার (২৯ মার্চ) খুলছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
দীর্ঘ এ ছুটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার (২৬ মার্চ)। এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় রোববার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হচ্ছে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দুই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম কম হয়েছে। এতে শিখন ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার থেকে সব প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলবে।
আরও পড়ুন
শিক্ষায় বদলের হাওয়া, ‘চমকে ভরা’ ১৮০ দিনের পরিকল্পনা
শনিবারও খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী- এবার রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ মার্চ থেকে। অভিভাবকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ এবং পরে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়।
সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী- ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি রাখা হয়।
এদিকে, প্রাথমিক বিদ্যালয়ে শিখন ঘাটতি কমাতে ঈদের ছুটির পর নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী—ঈদের ছুটির পর প্রথম ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেয়নি শিক্ষা মন্ত্রণালয়।
এএএইচ/ইএ