ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

ঢাকায় মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা, অংশ নিলো ৩৪০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

রাজধানীতে দুই দিনব্যাপী ১৮তম জাতীয় অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্র ও শনিবার (৩ ও ৪ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশুরা কত দ্রুত ও নির্ভুলভাবে সমাধানে পৌঁছাতে পারে, তা পরীক্ষা করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

আলোহা বাংলাদেশ ২০০৮ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবারও তারা এ প্রতিযোগিতার আয়োজন করে। আয়োজকরা জানান, প্রতিযোগিতায় সারাদেশের ৬০০টির বেশি স্কুল থেকে ৩ হাজার ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যারা আলোহা বাংলাদেশের বিভিন্ন শাখায় এ কোর্সটিতে যুক্ত ছিল।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ৫ মিনিটের মধ্যে ৭০টি জটিল গাণিতিক সমাধান করতে বলা হয়। পরীক্ষায় অংশ নেওয়া বেশিরভাগ শিক্ষার্থী উল্লিখিত সময়ের মধ্যে নির্ভুলভাবে গাণিতিক সমাধান করে।

দুই দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম দিন গত ৩ এপ্রিল জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের প্রতিষ্ঠাতা লোহ মুন সাঙ। তিনি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেওযার পর শুরু হয় পরীক্ষা। দিনব্যাপী এ পরীক্ষায় ৫টি ব্যাচে শিক্ষার্থীরা অংশ নেয়।

jagonews24

দ্বিতীয় ও সমাপনী দিনেও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহ মুন সাঙ। বিশেষ অতিথি ছিলেন আলোহা ইন্টারন্যাশনালের ডিরেক্টর কিরণ মাতওয়ানি, বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলাহাব সাইদানি, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং আলোহা কম্বোডিয়ার আনফেকডে ওউচ ও মিস কিমহাই হিউন।

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হায়দার চৌধুরী, চেয়ারম্যান সাইফুল করিম এবং পরিচালক মো. শামসুদ্দিন টিপু।

এদিকে, অনুষ্ঠানের সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কার ও আলোহার গ্র্যাজুয়েট শিক্ষকদের হাতে সনদ তুলে দেওয়া হয়। জাতীয় পর্যায়ে ভালো ফল করা শিক্ষার্থীরা এ বছর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এ বছর প্রতিযোগিতাটির আন্তর্জাতিক আসর বসবে পানামায়।

এএএইচ/বিএ