অধ্যক্ষদের বিশেষ ভূমিকা পালন করতে হবে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন অর রশিদ বলেছেন, কলেজ শিক্ষার মানোন্নয়ন এখন আমাদের আগ্রাধিকার। এক্ষেত্রে অধ্যক্ষদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। শিক্ষা কার্যক্রম মনিটরিংয়ে তাদের অধিক দৃষ্টি দিতে হবে। অধ্যক্ষদের নেতৃত্বের উপরই নির্ভর করবে সার্বিক শিক্ষার উন্নয়ন।
মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষদের নিয়ে ‘শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রথম বারের মতো আয়োজিত এ কর্মশালায় প্রথম ব্যাচে বিভিন্ন কলেজের ১০০ জন অধ্যক্ষ অংশগ্রহণ করেন। ২২টি ব্যাচে দুই হাজার দুই শতাধিক কলেজের অধ্যক্ষরা পর্যায়ক্রমে কর্মশালায় অংশ নেবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান প্রমুখ।
মো. আমিনুল ইসলাম/এবিএস