ভিডিও ENG
  1. Home/
  2. শিক্ষা

তনু হত্যার বিচারের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রকাশিত: ০৮:১৮ এএম, ০৩ এপ্রিল ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

রোববার সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অবিলম্বে তনুর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর রশিদ বলেন, সরকারি ভিক্টোরিয়া কলেজ তথা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সোহাগী জাহান তনুর পৈশাচিক হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত। বর্বরোচিত হত্যাকাণ্ডে তীব্র প্রতিবাদ জানান তিনি।

মানববন্ধনে আইইউটির উপাচার্য প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদসহ ডিন, রেজিস্ট্রার, শিক্ষকসহ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি