ভিডিও ENG
  1. Home/
  2. একুশে বইমেলা

সাংবাদিক ফারুক মেহেদীর দুটি বইয়ের মোড়ক উন্মোচন

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

সিনিয়র সাংবাদিক ও কালের কণ্ঠের হেড অব নিউজ ফারুক মেহেদীর লেখা দুই বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। বই দুটি হলো ‘সংকট-সম্ভাবনার অর্থনীতি সেরাদের মুখোমুখি’ ও ‘আমার সেরা লিড নিউজ’।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের বাতিঘরে বই দুটির মোড়ক উন্মোচন করেন অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকার মামুন রশীদ।

প্রকাশনা প্রতিষ্ঠান অয়ন প্রকাশনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি-এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ হেলাল উদ্দিন। সভাপতিত্ব করেন স্যার উইলিয়াম বিভারিজ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও চ্যানেল টোয়েন্টিফোরের সাবেক সিইও মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস।

২০২১ সাল থেকে জাতীয় পত্রিকায় দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী, সরকারের দায়িত্বশীল কর্মকর্তা ও খাত সংশ্লিষ্টদের নিয়ে প্রকাশিত সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত হয়েছে সাক্ষাৎকার ভিত্তিক বই ‘সংকট-সম্ভাবনার অর্থনীতি সেরাদের মুখোমুখি’। এছাড়া দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন খুঁটিনাটি বিশ্লেষণ করে পত্রিকায় প্রকাশিত প্রধান প্রতিবেদনগুলো নিয়ে সাজানো হয়েছে ‘আমার সেরা লিড নিউজ’। 

অনুষ্ঠানে অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ বলেন, ‘সময়ের প্রেক্ষাপটে অর্থনীতির গতি-প্রকৃতি ও বাঁক বদলের প্রামাণ্য দলিল এই বই দুটি। দেশের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, সাংবাদিকতার ছাত্র ও সরকারি নথি তৈরিতে বইগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের সমসাময়িক অর্থনীতি নিয়ে সংক্ষেপে জানতে হলে এই বই দুটি পড়তে হবে।’

তিনি বলেন, 'আমি নিজেও যখন বাজেট সংক্রান্ত বিষয়ে কোনো পত্রিকায় লিখতাম, তার আগে ফারুকের কাছ থেকে তথ্য সংগ্রহ করতাম।'

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইকোনমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা, রয়েল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম, আশার মিয়ানমারের সাবেক এমডি ফরিদুর রহমান ও প্রবীণ বিষয়ক গবেষক হাসান আলী।

অধ্যাপক হেলাল উদ্দিন বলেন, ‘অর্থনীতির ছাত্র হিসেবে একজন যখন অর্থনীতি নিয়ে লেখেন তখন তা সহজেই পাঠকপ্রিয় হয়ে ওঠে। ক্লাসরুম থেকে শুরু করে কর্মক্ষেত্রে-সব জায়গায় নিজের মেধা-যোগ্যতা দিয়ে ফারুক নিজেকে অনন্য অবস্থানে নিয়ে গেছে। আমি তার সাফল্য কামনা করি।’

অনুষ্ঠানে সাংবাদিক ও লেখক ফারুক মেহেদী বলেন, সেরাদের মুখোমুখি বইটি ২০২১ সাল থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত সময়ের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এছাড়া লিড নিউজের বইটি ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ের সেরা লিড নিউজের সংকলন। সাক্ষাৎকার ভিত্তিক বইয়ে দেশের সেরা অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা এবং খাত সংশ্লিষ্টদের সাক্ষাৎকার আছে। তারা মূলত অর্থনীতি এবং দেশের ব্যবসা-বাণিজ্যকে নেতৃত্ব দেন। তাদের চোখে অর্থনৈতিক চ্যালেঞ্জ, সম্ভাবনা, সংকট ইত্যাদি বিষয় ফুটে উঠেছে। এছাড়া লিড নিউজগুলোর মাধ্যমে অর্থনীতির বিভিন্ন সুযোগ, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং নীতি-নির্ধারণী বিষয়ের সন্নিবেশ আছে। নিউজ প্রকাশের পর অনেকক্ষেত্রে নীতিতে পরিবর্তন এসেছে। বই দুটি দেশের অর্থনীতিকে প্রতিনিধিত্ব করে ও সমসাময়িক অর্থনীতির চিত্র জানা যাবে।

অতিথির বক্তব্যে রয়েল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম, প্রবীণ অর্থনীতি গবেষক হাসান আলী, ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, কালের কণ্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথি দাস সাংবাদিক ফারুক মেহেদীর দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের নানা দিক তুলে ধরেন। তারা পেশাদার সাংবাদিক হিসেবে ফারুক মেহেদীর কাজের গুণগত দিক অনেকের জন্যই অনুকরণীয় বলে মন্তব্য করেন।

এছাড়া অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ ড. ফাহমিদা খাতুন এবং সাবেক সচিব ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

এসএম/এমএমএআর