কুমিল্লার শান্ত পরিবেশের আড়ালে লুকানো রহস্যের পিছে তিন তরুণ
কিশোর রহস্য ও ভ্রমণ কাহিনির বই
কুমিল্লা শহরের শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে থাকা অদ্ভুত সব রহস্য ঘিরে এগিয়েছে কাহিনি। কখনো নির্জন চরে জেগে ওঠা রক্তমুখী শিলার আতঙ্ক, কখনো মাটির নিচে হাজার বছরের পুরোনো মুদ্রার অভিশাপ, আবার কখনো আধুনিক বিজ্ঞানের আড়ালে স্মৃতি চুরির অদ্ভুত ঘটনা। এসব রহস্যের জট খুলতে এগিয়ে আসে তিন কিশোর — মগজ রায়হান, সাহসী বাদল ও টেক-জিনিয়াস তুহিন। এ নিয়ে কিশোর রহস্য-রোমাঞ্চ গল্পের বই ‘তিন বন্ধুর রহস্যজট: ভূত নয়, সত্যি’, লিখেছেন জহিরুল ইসলাম।
অমর একুশে বইমেলা ২০২৬-এ এসেছে জহিরুল ইসলামের দুই বই। একটি ভ্রমণকাহিনি ‘আয়া সোফিয়ার নীরবতা’ এবং কিশোর রহস্যগল্প ‘তিন বন্ধুর রহস্যজট: ভূত নয়, সত্যি’। বই দুটি প্রকাশ করেছে টাঙ্গন প্রকাশন। মেলার ৫১৮ নম্বর স্টলে বইগুলো পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনে রকমারি ডটকম এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্টলেও থাকবে বই দুটি।
‘আয়া সোফিয়ার নীরবতা’ মূলত ইস্তাম্বুল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা। এটি কেবর ভ্রমণকাহিনি নয়, বরং এক মানুষের নীরব ভাঙন, ধীরে ধীরে বদলে যাওয়া এবং অচেনা মানুষের সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্বের গল্প। ২০২২ সালের জুন মাসে লেখকের ইস্তাম্বুল ভ্রমণের অভিজ্ঞতা এই বইয়ের উপজীব্য। শীতল নির্মল বাতাস, নীল সমুদ্র, দিগন্তজোড়া ব্রিজের আলো, গ্র্যান্ড বাজারের বিশৃঙ্খলা, তাকসিমের ভিড় এবং প্রিন্সেস আইল্যান্ডের শান্ত নীল — প্রতিটি জায়গা লেখকের ভেতরে খুলে দেয় নতুন জানালা।
এই ভ্রমণকাহিনির কেন্দ্রবিন্দুতে রয়েছে চার চরিত্র — আমির, নাজানা, এলিফ ও রাহমেত। পাশাপাশি ওমর ফারুক হেলালী, আব্দুল্লাহ আল মামুন ও মিনহাজুল আবেদীনের মতো আরও কিছু চরিত্রের উপস্থিতি গল্পটিকে জীবন্ত করে তুলেছে। তাদের জীবন, স্বপ্ন, সফলতা ও ব্যর্থতার গল্পের মধ্য দিয়ে লেখকের নিজের পরিবর্তনের পথও ধরা পড়ে।
লেখক জহিরুল ইসলামের জন্ম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। তার বাবা এ বি এম আব্দুল লতিফ, মা নাজমা বেগম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয় জীবনের দ্বিতীয় বর্ষ থেকেই তিনি সাংবাদিকতায় যুক্ত। বর্তমানে দৈনিক কালের কণ্ঠে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কাজ করছেন।
জহিরুল ইসলামের আগের প্রকাশিত দুই বই ‘অধরা স্বপ্ন’ এবং ‘তিন বন্ধু ও রহস্যজট’ও একই স্টলে পাওয়া যাচ্ছে। প্রকাশক জানান, অমর একুশে বইমেলায় তার বইগুলো পাঠকদের আগ্রহ কাড়ছে।
আরএমডি