ভিডিও ENG
  1. Home/
  2. একুশে বইমেলা

বইমেলায় নতুন বই

‘মাধবী কে, এটা অনেক বড় প্রশ্ন’—রহস্য জিইয়ে রাখলেন আইনমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ১৩ মার্চ ২০২৬

আইনজীবী, রাজনৈতিক কর্মী কিংবা আইনমন্ত্রী হিসেবে নয়—একজন লেখক হিসেবে নিজের মনের না বলা কথাগুলো পাঠকদের সামনে নিয়ে এসেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তার লেখা চিঠিপত্র সংকলন নিয়ে প্রকাশিত হয়েছে নতুন একটি বই। আর এই বইয়ের মূল কেন্দ্রবিন্দুতে থাকা রহস্যময় চরিত্র ‘মাধবী’ আসলে কে, তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

শুক্রবার (১৩ মার্চ) অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণে ‘শুধু মাধবীর জন্য’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মাধবী কে, এটা অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নের জবাব যদি এখনই দিয়ে দিই, তাহলে পাঠক আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে। তাই বিষয়টি আপাতত অপ্রকাশিতই রাখতে চাই।

নিজের লেখার পেছনের দর্শন ব্যাখ্যা করে আইনমন্ত্রী বলেন, আমি লিখেছি প্রত্যেকটা মানুষ তার নিজের কাছে একা। চারপাশে এত মানুষের ভিড়েও কিন্তু আপনি একা। মনের অনেক কথা থাকে যা সবার সঙ্গে বলা যায় না। সেই একাকিত্ব এবং হৃদয়ের গভীর থেকে আসা অনুভূতিগুলোই তিনি চিঠির আকারে প্রকাশ করেছেন বলে জানান।

জানা গেছে, ‘অন্যপ্রকাশ’ থেকে প্রকাশিত এই বইটিতে মূলত আইনমন্ত্রীর লেখা চিঠিগুলো স্থান পেয়েছে। মোট ২৪৩টি চিঠির মধ্যে প্রথম খণ্ডে ১২৫টি চিঠি প্রকাশিত হয়েছে। এসব চিঠিতে কেবল ব্যক্তিগত আবেগ নয় বরং উঠে এসেছে সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, রাজনীতি, রাষ্ট্রব্যবস্থা, সমাজনীতি এবং দর্শনের নানা দিক।

পাঠকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান অনুরোধ জানিয়ে বলেন, এটি সম্পূর্ণ মনের থেকে, ভালোবাসা থেকে লেখা। আপনারা বইটি পড়বেন এবং সোশ্যাল মিডিয়ায় আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। পাঠকদের আগ্রহই একজন লেখকের প্রেরণার উৎস।

টিটি/এমএমকে