অরিজিতের পর প্লেব্যাক ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষোভ ‘ইন্ডিয়ান আইডল’ তারকার
অরিজিৎ সিং ও অভিজিৎ সাওয়ন্ত। ছবি: সংগৃহীত
বলিউডের প্লেব্যাক জগতে গায়কদের পারিশ্রমিক ও প্রাপ্য স্বত্ব নিয়ে আলোচনা নতুন কিছু নয়। কিছুদিন আগে এ বিষয়ে সরব হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এবার একই প্রসঙ্গে মুখ খুললেন ‘ইন্ডিয়ান আইডল’-খ্যাত গায়ক অভিজিৎ সাওয়ন্ত।
জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র প্রথম সিজনের বিজয়ী অভিজিৎ। ক্যারিয়ারে একাধিক মিউজিক ভিডিওর পাশাপাশি বেশ কিছু মরাঠি ছবিতেও গান গেয়েছেন তিনি। তবে সংগীতজগতে গায়কদের অবস্থান নিয়ে সম্প্রতি খোলামেলা মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন এই শিল্পী।
অভিজিতের অভিযোগ, বর্তমান মিউজিক ইন্ডাস্ট্রির কাঠামো এমনভাবে তৈরি হয়েছে, যেখানে গায়কদের যথাযথ মূল্যায়ন হয় না। তার মতে, প্রযোজকরা অনেক সময় চান না কোনো সিনেমার চেয়ে গান বেশি জনপ্রিয় হয়ে উঠুক। ফলে গায়কদের নির্দিষ্ট পারিশ্রমিক দিয়ে বিষয়টি সীমাবদ্ধ রাখার প্রবণতা দেখা যায়।
তিনি আরও বলেন, ভারতীয় প্লেব্যাক গায়কেরা এখনো সিনেমায় গাওয়া গানের জন্য প্রাপ্য রয়্যালটি থেকে বঞ্চিত হন। অথচ পাশ্চাত্যের শিল্পীরা কয়েকটি জনপ্রিয় গান থেকেই দীর্ঘমেয়াদে স্বত্বের অর্থ পেয়ে থাকেন। সেই তুলনায় ভারতের বহু কণ্ঠশিল্পীকেই টিকে থাকার জন্য নিয়মিত কাজের ওপর নির্ভর করতে হয়।
অভিজিতের মতে, এই পরিস্থিতির জন্য আংশিকভাবে শিল্পীরাও দায়ী। অনেক সময় গায়কেরা নিজেরাই বেশি পারিশ্রমিক দাবি করেন না। কারণ তারা জনপ্রিয় কোনো তারকার কণ্ঠস্বর হতে চান বা নির্দিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজের সুযোগ হারাতে চান না। ফলে কম পারিশ্রমিকেই কাজ করতে রাজি হয়ে যান।
তার কথায়, “আমি না করলে অন্য কেউ করবে-এই মানসিকতা থেকেই আমরা যা পাই, তাতেই সন্তুষ্ট হয়ে যাই।”
আরও পড়ুন:
যে কারণে এপস্টেইন ফাইল দেখে হতাশ কঙ্গনা
প্রিয়াঙ্কা-নিকের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল মেয়ের জন্ম
অভিজিৎ সাওয়ন্তের এই মন্তব্য আবারও সামনে নিয়ে এলো প্লেব্যাক গায়কদের প্রাপ্য সম্মান, পারিশ্রমিক ও স্বত্বের প্রশ্ন। সংগীত অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এমএমএফ