মুক্তি নিয়ে আরও অনিশ্চয়তা, কবে আসছে সালমানের ‘ব্যাটল অফ গালওয়ান’
সালমান খান। ছবি: সংগৃহীত
জটিলতা যেন পিছু ছাড়ছেই না সালমান খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’র। নতুন করে শোনা যাচ্ছে, সিনেমাটির মুক্তি আরও পিছিয়ে যেতে পারে। ফলে বড়পর্দায় ভাইজানকে নতুন অবতারে দেখার জন্য অনুরাগীদের অপেক্ষার সময় যে আরও বাড়ছে, তা বলাই বাহুল্য।
বলিউড সূত্রে জানা গেছে, সিনেমাটির কিছু অংশে আবারও শুটিং করার প্রয়োজন হতে পারে। পাশাপাশি প্রোডাকশনের কাজও বাকি রয়েছে। সব মিলিয়ে বিষয়টি বেশ সময়সাপেক্ষ। সে কারণেই চলতি বছরের এপ্রিলে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। আপাতত স্বাধীনতা দিবসকে সম্ভাব্য মুক্তির দিন হিসেবে ধরে এগোচ্ছে ‘ব্যাটল অফ গালওয়ান’ টিম। যদিও এ বিষয়ে এখনও পরিচালক অপূর্ব লাখিয়া কিংবা অভিনেতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। খুব শিগগিরই এ নিয়ে স্পষ্ট খবর মিলতে পারে বলে ধারণা।
শুরু থেকেই অ্যাকশন ঘরানার এই দেশাত্মবোধক সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ২০২০ সালের গালওয়ান ভ্যালিতে ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান খান। ভারতীয় সেনাবাহিনীর এই বীর অফিসারের ভূমিকায় নিজেকে মানিয়ে নিতে কড়া প্রস্তুতিও নিয়েছেন তিনি। শুটিং শুরুর আগে নিয়মিত প্রেশার চেম্বারে অনুশীলন, খাদ্যাভ্যাসে পরিবর্তন-সব মিলিয়ে চরিত্রটির জন্য যথেষ্ট হোমওয়ার্ক করেছেন ভাইজান।
গত বছরের ২৭ ডিসেম্বর, নিজের জন্মদিনে ‘ব্যাটল অফ গালওয়ান’র টিজার প্রকাশ্যে আনেন সালমান খান। টিজার মুক্তির পর থেকেই সিনেমাটি ঘিরে বিতর্কও কম হয়নি। বাস্তব গালওয়ান সংঘাতে ভারতীয় সেনাবাহিনীর শক্ত অবস্থান সিনেমার পর্দায় দেখানোয় তীব্র প্রতিক্রিয়া জানায় বেজিং। চীনের পক্ষ থেকে দাবি করা হয়, এই ছবি ‘বিকৃত তথ্য’ তুলে ধরে জাতীয়তাবাদের উসকানি দিচ্ছে এবং চীনা সেনাবাহিনীকে কলঙ্কিত করছে। এমনকি কিছু চীনা সংবাদমাধ্যমে সিনেমাটিকে ভারতের জাতীয়তাবাদী প্রচারণার ‘অস্ত্র’ বলেও কটাক্ষ করা হয়েছে।
আরও পড়ুন:
সামান্য পারিশ্রমিকে বিয়েবাড়িতে গাওয়া শিল্পী এখন কোটি টাকার মালিক
বিজয়ের সঙ্গে বিয়ের গুঞ্জন, আলোচনায় রাশমিকার ভেঙে যাওয়া বাগদান
এরই মধ্যে সিনেমার ‘মাতৃভূমি’ গানটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সব মিলিয়ে মাস দুয়েক পর বড়পর্দায় ভাইজানকে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে মুক্তি পিছিয়ে যাওয়ার সম্ভাব্য খবরে স্বাভাবিকভাবেই হতাশ তারা। এখন সবার চোখ একটাই প্রশ্নে- কবে মুক্তি পাবে প্রতীক্ষিত ‘ব্যাটল অফ গালওয়ান’?
এমএমএফ