৩০ হাজার মানুষের ভিড়ে হারানো শিশুকে গানের সুরে ফিরিয়ে দিলেন শিল্পী
হারিয়ে যাওয়া শিশুটির সঙ্গে সোনু নিগম। ছবি: সংগৃহীত
ভিড়ের মধ্যে হারিয়ে গিয়ে আতঙ্কে কাঁপছিল শিশুটি। ঠিক তখনই গানের সুরে তাকে শান্ত করে অভিভাবকের কাছে ফিরিয়ে দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। হৃদয় ছুঁয়ে যাওয়া সেই মুহূর্তের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি কর্নাটকের হুব্বালি শহরে একটি সংগীতানুষ্ঠানে পারফর্ম করছিলেন সোনু নিগম। ওই অনুষ্ঠানে প্রায় ৩০ হাজার দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন ভিড়ের মধ্যেই এক শিশু হারিয়ে যায়। অভিভাবকদের খুঁজে না পেয়ে ভয় পেয়ে যায় সে। বিষয়টি নজরে আসতেই শিশুটিকে মঞ্চে তুলে নেন শিল্পী।
ভিডিওতে দেখা যায়, শিশুটির হাত ধরে মঞ্চে ঘুরছেন সোনু নিগম। বাচ্চাটি ঘাবড়ে গিয়েছে বুঝতে পেরে মজার ছলে গাইতে শুরু করেন তিনি-“শ্রী সাই আ যাও, মম্মি পাপা ইসকো লে যাও, ইসকে মম্মি পাপা খো গয়ে, জলদি আকে লে যাও।”
গানের মাধ্যমেই দর্শকদের উদ্দেশে জানান, শিশুটির মা-বাবা যেন এগিয়ে এসে তাকে নিয়ে যান। গানের সুরে ধীরে ধীরে শিশুটির ভয় কাটতে শুরু করে।
তবে কিছুক্ষণ পর শিশুটি জানায়, তার সঙ্গে বাবা-মা কেউ আসেননি। সে খুঁজছে তার কাকুকে। এতে খানিকটা অবাক হলেও রসিকতার সুরেই শিল্পী বলেন, “কাকু কোথায়? কাকু কি কাকিমার সঙ্গে চলে গেলেন নাকি? বড় ভাই দায়িত্ব দিয়েছিল বাচ্চার, আর আপনি এমন করছেন?”- সবটাই বলেন হাস্যরসের ভঙ্গিতে।
শেষ পর্যন্ত আয়োজকদের সহায়তায় শিশুটির কাকুর খোঁজ মেলে। এ সময় সোনু নিগম আয়োজকদের নির্দেশ দেন, যথাযথ পরিচয় ও প্রমাণ যাচাই করে তবেই যেন শিশুটিকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করে সোনু নিগম লেখেন,“৩০ হাজার মানুষের ভিড়ে এই বাচ্চাটি হারিয়ে গিয়েছিল। খুব ভয় পেয়েছিল। তবে আমাকে খুঁজে পাওয়ার পর ওর ভয় কেটে যায় বলেই মনে হলো।”
আরও পড়ুন:
আমিরের সিনেমায় ফিরছেন অরিজিৎ, ‘এক দিন’ ঘিরে চমক
সামান্য পারিশ্রমিকে বিয়েবাড়িতে গাওয়া শিল্পী এখন কোটি টাকার মালিক
এই মানবিক উদ্যোগের জন্য সোনু নিগমকে কুর্নিশ জানিয়েছেন তার অসংখ্য অনুরাগী। অনেকেই মন্তব্য করেছেন, মঞ্চে শুধু একজন শিল্পী নন-সেদিন একজন দায়িত্বশীল মানুষ হিসেবেও নজির গড়েছেন তিনি।
এমএমএফ