ভিডিও ENG
  1. Home/
  2. বিনোদন

শাশুড়ি ডলি জহুরের ‘বসন্ত এসে গেছে’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন নাটকে একসঙ্গে অভিনয় করেছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। তার সঙ্গে দেখা যাবে নতুন প্রজন্মের অভিনেত্রী শিউলি শিলাকে। নাটকের নাম ‘বসন্ত এসে গেছে’। প্রথমবার ডলি জহুরের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত শিলা।

নাটকটি রচনা করেছেন রেজাউর রহমান ইরাজ, পরিচালনায় রয়েছেন হাসান শিকদার। আসন্ন ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের জন্য নাটকটি নির্মাণ করা হচ্ছে।

সম্প্রতি রাজধানীর অদূরে উলুখোলা এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

‘বসন্ত এসে গেছে’ নাটকে শিউলি শিলা অভিনয় করেছেন নীলু চরিত্রে। তার শাশুড়ির ভূমিকায় দেখা যাবে ডলি জহুরকে। নীলুর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন শফিউল আলম বাবু।

আরও পড়ুন
ভিসা জটিলতা কাটিয়ে ভারতে শাকিব খান, শুরু হলো ‘প্রিন্স’-এর শুটিং
জুলকারনাইন সায়েরের দাবি ‘মিথ্যা ও বানোয়াট’: শাওন

ডলি জহুরের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা জানিয়ে শিউলি শিলা বলেন, ছোটবেলা থেকেই তিনি ডলি জহুরের অভিনয়ের ভক্ত। অভিনয় শুরু করার পর থেকেই তার স্বপ্ন ছিল একদিন এই গুণী অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি ভীষণ আনন্দিত। শিলা আরও বলেন, এত বড় মাপের অভিনেত্রী হয়েও ডলি জহুর অত্যন্ত সাধারণ মানুষ, তার আচরণ ও কথাবার্তা থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।

নাটকটি নিয়ে ডলি জহুর বলেন, গল্পটি তার ভালো লেগেছে বলেই এতে অভিনয় করতে রাজি হয়েছেন। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করে তিনি আনন্দ পেয়েছেন বলেও জানান। শিউলি শিলার অভিনয়ের প্রশংসা করে বলেন, শিলার মধ্যে ভালো করার আন্তরিক চেষ্টা রয়েছে।

ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এই নাটকটি নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

এলআইএ