‘রকস্টার’ শাকিবের এক নায়িকা মিথিলা, আরেক নায়িকা পাকিস্তানের
শাকিব খান ও তানজিয়া জামান মিথিলা
বছরের শুরু থেকেই ব্যস্ত শিডিউলে সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। একের পর এক সিনেমার শুটিং নিয়ে দম ফেলার সুযোগ নেই তার। সদ্য ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ হবে। এরপর তিনি হাত দিতে যাচ্ছেন আসন্ন ঈদুল আজহার জন্য ‘রকস্টার’ সিনেমার কাজে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে দুই নায়িকাকে। তাদের একজন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ তানজিয়া জামান মিথিলা। প্রথমবারের মতো দুই শিল্পীকে একসঙ্গে জুটি হয়ে কাজ করতে দেখা যাবে।
আরও পড়ুন
রাজনীতি নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের কড়া বার্তা দিলো অভিনয়শিল্পী সংঘ
মার্কা না পেলেও নির্বাচনের মাঠে মনির খান
এদিকে আরেক নায়িকার নাম এখনো প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, সেই নায়িকা হবেন পাকিস্তানের জনপ্রিয় একজন অভিনেত্রী। কে তিনি, সে নিয়ে সিনেমাপাড়ায় ছড়িয়েছে কৌতুহল।
এ প্রসঙ্গে ছবির পরিচালক আজমান রুশো গণমাধ্যমকে বলেন, ‘এ মুহূর্তে নায়িকা নির্বাচন নিয়ে কিছু বলতে চাই না। সবকিছু চূড়ান্ত হলে দুই-তিন দিনের মধ্যেই দ্বিতীয় নায়িকার নাম ঘোষণা করা হবে।’
অন্যদিকে সিনেমায় যুক্ত হওয়া নিয়ে আপাতত নীরব রয়েছেন তানজিয়া জামান মিথিলা। তিনি জানান, ‘সবকিছু চূড়ান্ত না হলে সিনেমা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’
সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, ইতিমধ্যে পরিচালক আজমান রুশোর সঙ্গে একাধিক বৈঠকে অংশ নিয়েছেন মিথিলা। গল্প ও চরিত্র তার পছন্দও হয়েছে। তবে ছবির প্রধান নায়িকা হিসেবে মিথিলাই থাকছেন, নাকি পাকিস্তানের অভিনেত্রী সেই জায়গায় থাকবেন- এ বিষয়ে এখনো পরিষ্কার অবস্থান নেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান।
তানজিয়া জামান মিথিলা
সব মিলিয়ে, শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’ ঘিরে নায়িকা নির্বাচন ও আন্তর্জাতিক কাস্টিংয়ের বিষয়টি এখনই বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রে।
এলআইএ