রাজনীতি নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের কড়া বার্তা দিলো অভিনয়শিল্পী সংঘ
নাটকের শিল্পীদের জনপ্রিয় সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সদস্যদের নানা অধিকার নিশ্চিত করাই সংগঠনটির কাজ। বছরের পর বছর ধরে সেই দায়িত্ব আস্থার সঙ্গেই পালন করে আসছে এ সংঘ। শিল্পীদের যে কোনো আপদ বিপদে এর নেতৃত্বকে তৎপর দেখা যায়।
এবার সদস্যদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিল অভিনয়শিল্পী সংঘ। শনিবার (৭ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক রাশেদ মামুনুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সেখানে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যক্তিগত মত প্রকাশের অধিকার স্বীকার করলেও সংগঠনের নাম, পরিচয় ও লোগো ব্যবহারে সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও পেশাজীবীদের কল্যাণমূলক সংগঠন। সংগঠনের কোনো সদস্য যদি ব্যক্তিগতভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেন, রাজনৈতিক মতামত প্রকাশ করেন কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বা হিংসাত্মক কোনো স্ট্যাটাস, মন্তব্য বা কনটেন্ট শেয়ার করেন তা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত দায়িত্ব ও মতামত হিসেবে গণ্য হবে।
এতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের বক্তব্য বা কর্মকাণ্ডের সঙ্গে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের নীতি, অবস্থান কিংবা কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। এসবের দায় সংগঠন কোনোভাবেই নেবে না। একই সঙ্গে সংগঠনের নাম, লোগো বা পরিচয় ব্যবহার করে রাজনৈতিক বা হিংসাত্মক বক্তব্য, প্রচারণা কিংবা উসকানিমূলক কনটেন্ট প্রকাশকে অনুচিত ও অনাকাঙ্ক্ষিত বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম বলেন, ‘আমাদের এক সদস্য রাজনৈতিক প্রচারে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের নাম জড়িয়েছেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। রাজনীতি করার অধিকার সবার আছে। তবে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যেন সংগঠনের নাম, পরিচয় বা লোগো ব্যবহার না করা হয়, সে বিষয়েই সবাইকে অবহিত করা হলো।’
সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সদস্যদের সহযোগিতা কামনা করা হয়েছে।
এমআই/এলআইএ/এমএমকে